কুমিল্লায় স্ত্রী-সন্তানের সামনে মেম্বারকে কুপিয়ে হত্যা
চন্দনাইশে মারধরে গৃহবধূর মৃত্যু
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার বাঙ্গরায় স্ত্রী-সন্তানদের সামনে এক ইউপি সদস্যকে (মেম্বার) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে পেন্নাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন শ্রীকাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। এছাড়া চট্টগ্রামের চন্দনাইশে স্বামীর মারধরে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার সংশ্লিষ্ট থানার ওসিরা এসব তথ্য নিশ্চিত করেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
মুরাদনগর (কুমিল্লা) : পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আনোয়ার হোসেন বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। জুলাই গণ-অভ্যুত্থানের পর দুই বছর ধরে তিনি আত্মগোপনে ছিলেন। শনিবার রাতে তিনি বাড়িতে এলে বিষয়টি জানাজানি হয়। রাত ৩টার দিকে বাড়িটি ঘিরে ফেলে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।
নিহত আনোয়ারের জামাতা শফিকুল ইসলাম বলেন, ‘আমার শ্বশুর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনের রাজনীতি করতেন। হামলাকারীরা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকারের অনুসারী। পেন্নই গ্রামের কবির মুন্সী, জালাল ও পিন্টুর নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা ঢুকে স্ত্রী-সন্তানদের সামনে তাকে কুপিয়ে হত্যা করে।’
বাঙ্গরা বাজার থানার ওসি শফিউল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এলাকায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
চন্দনাইশ (চট্টগ্রাম) : চট্টগ্রামের চন্দনাইশে স্বামীর মারধরে মিনহাজ আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার দোহাজারী পৌরসভার হাছনদণ্ডীর নাসির মাস্টারের পাড়ায় এ ঘটনা ঘটে।
ছয় বছর আগে মো. জাহেদের সঙ্গে মিনহাজের বিয়ে হয়। এরপর তিনি জানতে পারেন, তার স্বামী জাহেদের সঙ্গে এক নারীর পরকীয়ার সম্পর্ক রয়েছে। যা নিয়ে তাদের মধ্যে প্রায় কলহ লেগে থাকত। শনিবার দুপুরে বিষয়টি নিয়ে তাদের মধ্যে ঝগড়া ও মারামারি হয়। পরে জাহেদ বাইরে চলে গিয়ে রাতে ফিরে আসেন। তখন আবার ঝগড়া শুরু হয়। একপর্যায়ে জাহেদের বেধড়ক মারধরে ঘটনাস্থলে মিনহাজের মৃত্যু হয়। দোহাজারী থানার ওসি দিদারুল ইসলাম শিকদার বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
