সারের দাবিতে সড়ক অবরোধ ৪৫ বস্তা জব্দ
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামে সার না পেয়ে ডিলার অলিল মোল্লাকে অবরুদ্ধ করে লাঞ্ছিত করছেন বিক্ষুব্ধ কৃষকরা। রোববার সদর উপজেলার ঘোগাদহ বাজারে -যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
জামালপুরে যমুনা সারকারখানায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এতে ১৫ দিন পর কারখানাটিতে ইউরিয়া উৎপাদনে যেতে পারবে। কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ করেছেন কৃষকরা। এ সময় তারা এক ডিলারকে ধাওয়া দেন। জয়পুরহাট ও শেরপুরে পাচারকালে ৪৫ বস্তা সার জব্দ করা হয়েছে। নেত্রকোনার বারহাট্টায় দোকানের সাইনবোর্ড তুলে ফেলায় ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
জামালপুর : ২১৬ দিন পর জামালপুরের তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানায় আবারও গ্যাস সরবরাহ শুরু করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই বন্ধ ছিল ইউরিয়া উৎপাদন। কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক দেলোয়ার হোসেন জানান, গ্যাস সরবরাহ শুরু হলেও কারখানা সচল করে উৎপাদনে যেতে সময় লাগবে অন্তত ১৫ দিন। দীর্ঘদিন পর গ্যাস সরবরাহ শুরু হওয়ায় কারখানা কর্তৃপক্ষ ও কৃষকদের মাঝে ফিরেছে স্বস্তি।
যমুনা সার কারখানায় প্রতিদিন উৎপাদিত হয় প্রায় এক হাজার ৭০০ টন দানাদার ইউরিয়া। এখানকার সার সরবরাহ পায় জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ ১৯ জেলা।
জয়পুরহাট : জয়পুরহাট থেকে নওগাঁয় পাচারকালে শনিবার রাতে ২০ বস্তা সরকারি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে। মালিক শাহীন কাদির সরকারি বরাদ্দের সার পার্শ্ববর্তী নওগাঁর ধামইরহাটে পাচার করছিলেন। খবর পেয়ে উপজেলার দোয়ানি বাজারে অভিযান পরিচালনা করেন ইউএনও মাহমুদুল হাসান। এ সময় পরিবহণের সঙ্গে জড়িত ব্যক্তিরা ১৫ বস্তা ইউরিয়া ও পাঁচ বস্তা পটাশ সার ফেলে পালিয়ে যায়। পরে সারগুলো সার ২৫ হাজার ২৫০ টাকায় বিক্রি করে দেওয়া হয়।
কুড়িগ্রাম : কুড়িগ্রামে সারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন কৃষকরা। তারা সার ডিলারকে লাঞ্ছিত করে ধাওয়া দেন। এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। রোববার সকালে সদর উপজেলার ভোগডাঙ্গা ও ঘোগাদহ ইউনিয়নে এসব ঘটনা ঘটে। পরে প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সকালে ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠের পাড় বাজারে মেসার্স একেএম মোস্তাফিজুর রহমানের ডিলার পয়েন্টে সার নিতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকেন কৃষকরা। সার বিতরণে বিলম্ব হওয়ায় বিক্ষুব্ধ কৃষকরা কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করেন বলে স্থানীয়রা জানান। এতে যান চলাচল ব্যাহত হয়। পরে কৃষি কর্মকর্তা ও পুলিশ গিয়ে সারিবদ্ধভাবে সার বিতরণ শুরু করেন। কৃষকদের অভিযোগ-ডিলাররা রাতের আঁধারে কালোবাজারিদের কাছে সার বিক্রি করেন। খুচরা বাজারে প্রতি কেজি সার ৪৫ থেকে ৫০ টাকা দরে কিনতে হচ্ছে।
অন্যদিকে, ঘোগাদহ ইউনিয়নে সার না পাওয়ায় ডিলার অলিল মোল্লা ও ম্যানেজার শাহিনুর মিয়াকে ধাওয়া দেন কৃষকরা। সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনায় উপসহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশিদও লাঞ্ছিত হন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ডিলার পয়েন্টে ৭-৮শ কৃষক জড়ো হন।
শেরপুর : শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজার থেকে পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রৌমারীতে পাচারকালে স্থানীয়রা ২৫ বস্তা ইউরিয়া সারভর্তি ভটভটি গাড়ি আটক করে। শনিবার রাতে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিব উল আহসান সারগুলো জব্দ করেন।
পরে ক্যাশমেমোবিহীন সার বিক্রির অভিযোগে ঝগড়ারচর বাজারের খুচরা সার বিক্রেতা মেসার্স সারোয়ার ট্রেডার্সের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদকে ১০ হাজার টাকা ও মেসার্স হারুন অর রশিদ ট্রেডার্সের পরিচালক চঞ্চল হোসেনকে আট হাজার টাকা জরিমানা করা হয়।
বারহাট্টা (নেত্রকোনা) : নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সারের সংকট ও বেশি দামে সার বিক্রির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর এক খুচরা সার ব্যবসায়ী দোকানের সাইনবোর্ড সরিয়ে ফেলেন। পরে ওই দোকানে অভিযান চালিয়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে শুধু সাইনবোর্ড না থাকার কারণেই জরিমানা করায় বিতর্ক উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার জানান, তিন সার ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
