Logo
Logo
×
   

Advertisement

শেষ পাতা

জ্বালানি তেলের দাম বৃদ্ধি

দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা, জীবনযাত্রায় চাপ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা, জীবনযাত্রায় চাপ

Advertisement

জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহণ খাতসহ নিত্যপণ্যের বাজারে নতুন অস্থিরতা দেখা দিয়েছে। দৈনন্দিন খরচ বৃদ্ধিতে বিপাকে পড়েছে দেশের সাধারণ মানুষ। জীবনযাত্রায় মারাত্মক প্রভাব পড়তে শুরু করেছে পুরো দেশে। পণ্য পরিবহণ ও যাত্রীভাড়া নিয়ে প্রান্তিক মানুষ চরম দুর্ভোগে পড়েছে। সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী।

জীবনযাত্রা ও অর্থনীতি জ্বালানি তেলের ওপর নির্ভরশীল হওয়ায় বর্তমান পরিস্থিতি সর্বস্তরের মানুষের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ, তীব্র অসন্তোষ ও হতাশা দেখা দিয়েছে।

প্রতিদিন মোটরসাইকেলে বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ফার্মেসি ঘুরে কাজ করা মেডিকেল রিপ্রেজেনটেটিভসহ বেসরকারি বিভিন্ন কোম্পানির কর্মীরা বাড়তি যাতায়াত ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। জীবন-জীবিকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

দূর-দূরান্ত থেকে আলু, পেঁয়াজ, মরিচসহ মালপত্র আনতে এখন দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে। বাজারে পাইকারি দাম বেশি হওয়ায় বাড়তি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে খুচরা ব্যবসায়ীরা। ফলে ক্রেতা কমে গেছে। জ্বালানি তেলের দাম বাড়ায় বাস মালিকরা মহা সমস্যায় পড়েছেন। ঢাকা থেকে বাস নিয়ে দূরপাল্লার জেলাগুলোতে যেতে যে পরিমাণ তেল খরচ হচ্ছে, তাতে টিকিট বিক্রি করেও লোকসান গুনতে হচ্ছে। ফলে দূরপাল্লার পরিবহণের ভাড়া বেড়ে গেছে।

স্থলবন্দরগুলোতে ট্রাকপ্রতি গন্তব্য ভেদে ভাড়া বেড়েছে ৩ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। এতে বিপাকে পড়েছেন ট্রাক মালিক ও ব্যবসায়ীরা। ফলে মালামাল সরবরাহ নিয়ে চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের কপালে।

ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

বরিশাল : বরিশালে ভাড়া বেড়েছে খেয়া থেকে শুরু করে নগর পরিবহণেও। সোমবার সকাল থেকে নগরী ও জেলা উপজেলার গণপরিবহণে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। খেয়া, ট্রলার ও লঞ্চেও ভাড়া বেশি। বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের বাসিন্দা মামুন খান বলেন, বাসভাড়া ৩০ টাকা ছিল, সেখানে এক রাতের ব্যবধানে ৪০ টাকা হয়েছে।

ময়মনসিংহ : ময়মনসিংহ পাটগুদাম সেতু মোড় বাসস্ট্যান্ড ও মাসকান্দা বাসস্ট্যান্ড থেকে চলাচলকারী বিভিন্ন লোকাল বাসগুলোতে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। ৩০-৪০ টাকার ভাড়া ৫০-৬০ টাকা নেওয়া হচ্ছে। বাজারের ব্যবসায়ীরা জানান, বর্তমান দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। গৌরীপুর থেকে ঢাকাগামী হায়েস গাড়ির ভাড়া ছিল ৬ হাজার টাকা। প্রাইভেটকারের ভাড়া ছিল ৫ হাজার থেকে সাড়ে ৫ হাজার টাকা। হায়েস গাড়ি ছেড়ে গেছে ৮ হাজার টাকায় ও প্রাইভেটকার ছেড়ে গেছে সাড়ে ৭ হাজার টাকায়। কাঁচামাল আড়ৎদার আব্দুর কাদির জানান, ১৫ টন আলু রংপুর থেকে আনতে ভাড়া দিতে হচ্ছে ২৬০০ টাকা। ৫০০ থেকে ১ হাজার টাকা বেড়ে গেছে।

জামালপুর : জামালপুরে গণপরিবহণের মালিকরা ভাড়া বাড়িয়ে দিয়েছেন। সোমবার সকালে জামালপুর থেকে বিভিন্ন গন্তব্যে যেতে ভাড়া দেওয়ার সময় পরিবহণ শ্রমিকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়াচ্ছেন যাত্রীরা। মাদারগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রী রমজানের জানান, জামালপুর থেকে ঢাকা যেতে বাস ভাড়া আগের চেয়ে জনপ্রতি ৪০-৫০ টাকা বেশি নিচ্ছে।

কুমিল্লা : কুমিল্লায় যানবাহনের ভাড়া বেড়েছে। সোমবার সকালে কুমিল্লা থেকে ছেড়ে ঢাকা চট্টগ্রাম সিলেটসহ জেলার অভ্যন্তরীণ সব সড়কে চলাচলকারী যানবাহনের ভাড়া বাড়ানো হয়েছে। তিশা পরিবহণের যাত্রী হেলাল উদ্দিন বলেন, কুমিল্লা থেকে ঢাকার ভাড়া ৩০ টাকা বেড়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলো।

হাকিমপুর (দিনাজপুর) : দিনাজপুরের হিলি স্থলবন্দরে ট্রাকপ্রতি গন্তব্য ভেদে ভাড়া বেড়েছে ৩ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। বন্দরের ট্রাক মালিক আনন্দ হোসেন জানান, আমরা বিপাকে পড়েছি। রোববার পর্যন্ত ঢাকার ট্রাক ভাড়া ছিল ১৮ থেকে ২০ হাজার টাকা। সেই ভাড়া এখন ২৪ থেকে ২৫ হাজার টাকা। চট্টগ্রামের ভাড়া ছিল ২৮ থেকে ২৯ হাজার টাকা। এখন গুনতে হচ্ছে ৩২ থেকে ৩৪ হাজার টাকা। তাছাড়া ট্রাক ভাড়া পেতেও ব্যবসায়ীদের বিপাকে পড়তে হচ্ছে।

বাগেরহাট : বাগেরহাটের কোচা উপজেলার বাধাল গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মোদাচ্ছের জানান, আমি মোটরসাইকেলে প্রতিদিন খুলনা-বাগেরহাটে যাওয়া আসা করতাম। চার লিটার তেল লাগত। এখন চার লিটার তেলের দাম প্রায় ৬০০ টাকা। তাই আমি বাধ্য হয়ে মোটরসাইকেল বাদ দিয়ে লোকাল বাসে খুলনা থেকে বাগেরহাটে ফিরলাম। শহরের সোনাতলা গ্রামের চাকরিজীবী লুৎফর রহমান জানান, বাজারে নিত্যপণ্যের দাম কেজিতে ১০-২০ টাকা করে বেড়ে গেছে। বাজারের আলু ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, ট্রাকে আমার প্রতিদিন আলু আনতে হয় খুলনা থেকে। ৫ হাজার টাকার ভাড়া এখন ৭ হাজার টাকা দিতে হচ্ছে।

ফেনী : চাপে পড়েছেন ফেনীর নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। হঠাৎ মূল্যবৃদ্ধিতে ক্ষোভ দেখা দিয়েছে গ্রাহকদের মধ্যে। তাদের অভিযোগ, জ্বালানির দাম বাড়লেও বাড়েনি আয়। মোটরসাইকেলে কর্মস্থলে যাতায়াতকারী বেসরকারি হাসপাতালের মার্কেটিং প্রতিনিধি অপু দেবনাথ বলেন, অকটেনের দাম ১২৫ টাকা থেকে ১৬৫ টাকা হলেও তার দৈনিক যাতায়াত ভাতা ৩০০ টাকাই রয়েছে। এতে অতিরিক্ত জ্বালানি খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে।

গাজীপুর : গাজীপুরে পরিবহণ ও পণ্য সরবরাহ ব্যয়ে বাড়তি চাপ তৈরি হয়েছে। গাজীপুরের চৌরাস্তা এলাকায় কথা হয় গণপরিবহণের যাত্রী আনোয়ার হোসেনের সঙ্গে। তিনি বলেন, ভাড়া বাড়লে প্রতিদিন অফিসে যাতায়াতে বাড়তি টাকা লাগবে। বেশি দামে পণ্য কিনতে হবে কিন্তু বেতন আগের মতোই আছে। এ অবস্থা থাকলে মাসের খরচ সামলানো কঠিন হয়ে যাবে।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা জেলা শহরের মুদি দোকানি আনারুল ইসলাম লিটন বলেন, আমাদের মুদি মালামালের দাম বেড়ে যাবে বলে ভয়ে আছি। দূরপাল্লার পরিবহণ চুয়াডাঙ্গা রয়েল এক্সপ্রেস কাউন্টার মাস্টার মোস্তাফিজুর রহমান জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকার নন-এসির ভাড়া ৫০ টাকা বাড়িয়ে ৭৫০ থেকে ৮০০ টাকা করা হয়েছে। চট্টগ্রামের ভাড়া ১১০০ থেকে বেড়ে ১২০০ টাকা হয়েছে।

গাইবান্ধা : গাইবান্ধা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম বাদশা জানিয়েছেন, তেলের মূল্য অস্বাভাবিক বৃদ্ধির ফলে বাস মালিকরা মহাবিপাকে পড়েছেন। গাইবান্ধা থেকে ঢাকা অভিমুখী যাত্রীরা বলছেন, তেলের দাম পুষিয়ে নিতে বাস ভাড়া বেশি নেওয়া হচ্ছে। বাস মালিক সমিতির সাবেক নেতা সাজ্জাদ চৌধুরী বলেন, আমরা তো এখন জিম্মি হয়ে গেছি। বাস না চালালে চাপ দেওয়া হয়। আর বাস চালাতে গেলেও চাপে পড়ি।

রাজবাড়ী : রাজবাড়ীর বিভিন্ন তেলের পাম্প ঘুরে দেখা যায়- ট্রাক চালক, মাহেন্দ চালক, বাইকার চালকরা ক্ষুব্ধ হয়ে আছেন। রাজবাড়ী পলাশ ফিলিং স্টেশনে জালানি তেল নিতে আসা বাইকার চালক সহিদুজ্জামান বলেন, বাইক চালানো কষ্টকর হবে। অপর বাইকার নজরুল ইসলাম বলেন, গরিব মানুষের কোনো শান্তি নেই। বালিয়াকান্দিতে ঢাকাগামী বাসের ভাড়া বেড়েছে ১০০ টাকা। এছাড়া বালিয়াকান্দি উপজেলা সদর থেকে জেলা শহর পর্যন্ত ২০ কিলোমিটার পথ যেতে জনসাধারণের বাড়তি ১০ থেকে ২০ টাকা গুনতে হচ্ছে। এছাড়া বেনাপোল ও দর্শনা বর্ডার পর্যন্ত ভারতগামী যাত্রীদের শতাধিক টাকা ভাড়া বেশি দিতে হচ্ছে।

গোপালগঞ্জ : গোপালগঞ্জে গণপরিবহণে শতকরা ১০ ভাগ ভাড়া বেড়ে গেছে। গোপালগঞ্জের ভেড়ার বাজার এলাকার ব্যবসায়ী সাজ্জাদ মোল্লা বলেন, সোমবার তিনি গোপালগঞ্জ থেকে ঢাকা যেতে সাড়ে ৫০০ টাকা দিয়ে টিকিট কিনেছেন। গোপালগঞ্জ সদরের রঘুনাথপুর ইউনিয়নের কৃষক রমেন মন্ডল বলেন, আকস্মিকভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে কৃষকের মেরুদণ্ড ভেঙে যাবার উপক্রম হয়েছে। চাষাবাদ করা কঠিন হয়ে পড়বে।

গলাচিপা দক্ষিণ (পটুয়াখালী) : উলানিয়া বন্দর থেকে যাত্রী নিয়ে আসা মোটরসাইকেল ড্রাইভার জিহাদ বলেন, এভাবে হঠাৎ করে জ্বালানির দাম এত বাড়ানো ঠিক হয়নি। মোটরসাইকেল আরোহী মো. রাসেল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কোনো কথা নেই, আলোচনা নেই, হঠাৎ লিটারে ২০ টাকা বাড়িয়ে দিছে সরকার। এটা কেমন সরকার?

গুরুদাসপুর (নাটোর) : গুরুদাসপুরে বেড়েছে গণপরিবহণ ও পণ্য পরিবহণ ভাড়া। পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় চাল, ডাল, তেল ও শাকসবজিসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের জীবনে নেমে এসেছে চরম নাভিশ্বাস।

ভোলা : সোমবার সকালে পাম্পগুলোতে বাড়তি দামে তেল বিক্রি শুরু হয়েছে। এর প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। বিক্রেতা ইব্রাহিম জানান, মালামাল পরিবহণ ব্যয় বেড়েছে। এর প্রভাব পড়ছে বাজারে। প্রশাসনের নজরদারি না থাকার অভিযোগ করেন আইনজীবী গোলাম মোর্শেদ কিরণ।

বিভিন্ন জেলায় ক্ষুব্ধ মানুষ : জ্বালানি তেলের দাম বৃদ্ধির চাপে পড়েছে নাটোরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। চরম ভোগান্তিতে নোয়াখালীর হাতিয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা গেছে। মাগুরায় ভাড়া বাড়ায় অনেক ব্যবসায়ী পণ্য ঢাকায় পাঠাচ্ছেন না। খুলনার গণপরিবহণে অস্থিরতা দেখা দিয়েছে। ভাড়া বাড়ায় সাধারণ মানুষ চাপে আছে। জয়পুরহাটে ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ মানুষ। ভাড়া নির্ধারণের আগেই সাতক্ষীরায় অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। পাবনায় পরিবহণ সেক্টরে অস্থিরতা বিরাজ করছে। দিনাজপুরে দূরপাল্লার বাসে ভাড়া বাড়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। পরিবহণ ভাড়া বেড়ে যাওয়ায় লালমনিরহাটে সাধারণ মানুষের পাশাপাশি ছোট ও মাঝারি আকারের পরিবহণ চালকরাও বিপাকে পড়েছেন। জয়পুরহাটে সাধারণ মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন।

জামায়াতের বিক্ষোভ : অবিলম্বে তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবিতে কুমিল্লা ও বরিশালে বিক্ষোভ করেছে জামায়াত। সিলেট নগরীতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ ও যশোরে একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াত। ময়মনসিংহে বিক্ষোভ মিছিল থেকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে দলটির নেতাকর্মীরা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম