Logo
Logo
×
   

Advertisement

শেষ পাতা

টেকনাফে তরুণীকে বিবস্ত্র করে নির্যাতন

রাস্তা থেকে নিয়ে হাত-পা বাঁধা হয় উঠানের খুঁটিতে

Advertisement

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

টেকনাফে তরুণীকে বিবস্ত্র করে নির্যাতন

Advertisement

কক্সবাজারের টেকনাফে সন্দেহের বশে রাস্তা থেকে এক তরুণীকে তুলে নিয়ে যাওয়া হয় একটি বাড়িতে। উঠানের খুঁটির সঙ্গে হাত-পা বেঁধে বিবস্ত্র করে চালানো হয় নির্যাতন। একপর্যায়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে। এ ঘটনায় করা মামলায় আসামি দুই বোনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর শীলখালী এলাকার দুবাই প্রবাসী নুরুল হকের সঙ্গে ওই তরুণীর পরকীয়া সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করেন তার স্ত্রী মোর্শেদা আকতার। এ সন্দেহের জেরে বুধবার বিকালে কক্সবাজার থেকে ফেরার পথে ওই তরুণীকে আটক করে মোর্শেদার বাড়িতে নিয়ে যাওয়া হয়।

বাড়ির উঠানে নেওয়ার পর একটি খুঁটির সঙ্গে তার হাত-পা বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে তার পরনের পোশাক খুলে নেওয়া হয়। এ সময় মোর্শেদার ভাই, বোন ও প্রতিবেশীসহ ১২ থেকে ১৫ জন সেখানে উপস্থিত ছিলেন বলে স্থানীয়রা জানান।

নির্যাতনের খবর পেয়ে স্থানীয় কয়েকজন তরুণীকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে তারা পুলিশকে ফোন দেন।

বাহারছড়া পুলিশ ফাঁড়ির এএসআই তাজুল ইসলাম বলেন, তরুণীকে বিবস্ত্র করে মারধর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। মামলার আসামিদের মধ্যে মোর্শেদা আকতার ও তার বোন রেহেনা আকতারকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার পর মামলা না করতে ভুক্তভোগীর পক্ষকে চাপ দিয়ে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। এতে কয়েকজন সাংবাদিক ও রাজনৈতিক নেতাও যুক্ত ছিলেন বলে একাধিক সূত্রে জানা গেছে। তবে শেষ পর্যন্ত ভুক্তভোগীর পক্ষ থেকে টেকনাফ থানায় মামলা করা হয়।

মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন-মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ ইসমাইল, মো. ইউনুচ, কুলসুমা আকতার, মোর্শেদা আকতার, রেহেনা আকতার, ইয়াছমিন আকতার জুলি, নাসিমা আকতার, রহমত উল্লাহ ও মো. আলম। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে। বাহারছড়া ইউনিয়নের উত্তর শাখা বিএনপির সভাপতি সাবের আহমেদ বলেন, ‘ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। আমাদের এলাকায় এমন নির্যাতনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা ভুক্তভোগীকে সহযোগিতা করছি।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম