Logo
Logo
×
   

Advertisement

শেষ পাতা

কিশোরগঞ্জে মাদকাসক্ত ছেলের কাণ্ড

টাকার জন্য নিত্য নির্যাতন, ঘরে আগুন মা চাইলেন ফাঁসি

মোহনপুরে মাকে কুপিয়ে হত্যা মাদকাসক্ত ছেলের

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

টাকার জন্য নিত্য নির্যাতন, ঘরে আগুন মা চাইলেন ফাঁসি

Advertisement

মাদকের টাকার জন্য মা-বাবা-ভাই-বোনদের ওপর প্রায় চলে নির্যাতন। শেষ পর্যন্ত পরিবারের মাথা গোঁজার ঠাঁইটুকুও জ্বালিয়ে ছারখার করে দিয়েছেন এক মাদকাসক্ত সন্তান। বসতঘরে আগুন দিয়ে দরজায় তালা লাগিয়ে দিয়েছেন, যাতে কেউ কিছু বের করতে না পারেন! এমন উন্মত্ততায় আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র, পোশাক এবং ৫৫টি হাঁস-মুরগিসহ পুরো ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

এ ঘটনায় সর্বস্ব হারিয়ে এক অসহায় মা থানায় গিয়ে কান্নাজড়িত কণ্ঠে মাদকাসক্ত ছেলের ফাঁসি চেয়েছেন। বলেন, ‘ছেলেকে ফাঁসি দিন, নয়তো সে বাকি চার ছেলে ও আমাদের মেরে ফেলবে।’ গত বুধবার রাতে কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড়খারচর মহল্লার ওই বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অভিযুক্ত যুবক ফুল মিয়া ওই এলাকার আবু বক্করের ছেলে।

এদিকে রাজশাহীর মোহনপুরে মাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। বুধবার রাত ১টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ছেলে আমিনুলকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের নাম জান্নাতুন বেগম। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ-

কিশোরগঞ্জ : কুলিয়ারচরের বড়খারচর মহল্লার ফুল মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি প্রায়ই মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের নির্যাতন করেন। স্থানীয় ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার বাড়ির সামনের দোকানে বাকিতে বাজার চান ফুল মিয়া। বাকি দিতে অস্বীকৃতি জানালে দোকানদার আবুল হোসেনকে লোহার রড দিয়ে মারধর করেন তিনি। বিষয়টি জানতে চাইলে বাবা আবু বক্কর, মা রুবিনা বেগম ও বোনের সঙ্গে দুর্ব্যবহারের পর দা নিয়ে তেড়ে যান তিনি। তারা প্রাণভয়ে বাইরে গিয়ে স্থানীয়দের ডাকতে গেলে ফুল মিয়া বসতঘরে আগুন ধরিয়ে দেন। এ সময় বাইরে থেকে তালা লাগানো হয়, যাতে কেউ আগুন নেভাতে না পারেন।

খবর পেয়ে কুলিয়ারচর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ঘরের সব পুড়ে ছাই হয়ে গেছে। ওই ঘরে ১৫টি হাঁস ও ৪০টির মতো মুরগি ছিল। কুলিয়ারচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস ভূঁইয়া জানান, সংবাদ পেয়ে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনায় আবু বক্কর কুলিয়ারচর থানায় মামলা করেছেন। স্বজনদের নিরাপত্তা ও ঘটনার বিচার চেয়ে ফুল মিয়ার মা রুবিনা বেগম বলেন, ‘ছেলে প্রতিদিন নেশা করে এসে দা নিয়ে কোপাতে আসে। আমি আমার ছেলের ফাঁসি চাই, না হয় অন্তত যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। তা না হলে সে আমার বাকি চার ছেলেকে ও আমাদের মেরে ফেলবে।’ একইভাবে ক্ষোভ প্রকাশ করে কঠিন শাস্তির দাবি জানান অভিযুক্তের বাবা আবু বক্কর ও ছোট ভাই দিপু। কুলিয়ারচর থানার ওসি মোজাম্মেল হক বলেন, অভিযুক্ত ফুল মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাজশাহী: স্থানীয় সূত্র জানায়, মাদকসেবনকে কেন্দ্র করে আমিনুল প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলায় জড়ান। তাকে নিয়ন্ত্রণে তারা বিভিন্ন সময় চেষ্টা করেও সফল হননি। এরই ধারাবাহিকতায় বুধবার রাত ১টার দিকে আমিনুল হাঁসুয়া নিয়ে তার মা জান্নাতুনের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তিনি বাবা মুজিব সরদারকেও কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা মুজিব সরদারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, জান্নাতুনের ভাই আশরাফ আলী হত্যা মামলা করেছেন। ঘটনার পরই আমিনুলকে গ্রেফতার করেছে মোহনপুর থানা পুলিশ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম