খুলনায় আ.লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলি
Advertisement
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে বিএনপির এক নেতার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। এ সময় ওই বাড়ির সামনে থাকা মোটরসাইকেল ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। তবে এ ঘটনায় কেউ আহত হননি। শুক্রবার বিকালে নগরীর টুটপাড়া এলাকায় ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। এর আগে জুমার নামাজ চলাকালে খালিশপুরে মিছিল বের করে দলটির ২০ থেকে ২৫ নেতাকর্মী। টুটপাড়া মওলা বাড়ির সামনে ইসলামিয়া রোডে আওয়ামী লীগের মিছিল ও গুলির ঘটনায় বিএনপি নেতা মঞ্জুরুল আলম বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে আমি বাসায় শুয়েছিলাম। বাইরে থেকে ২০-২৫ জনের একটি মিছিলের শব্দ শুনে বের হই। এ সময় মিছিল থেকে এক ব্যক্তি আমাকে সরে যেতে বলেন। আমি বাসার ভেতরে ঢোকার সময় মিছিল থেকে বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় মিছিলকারীরা বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে।
খুলনা সদর থানার ওসি মো. লোকমান হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এর আগে দুপুর ১টা ৪০ মিনিটে খালিশপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনস স্কুলের সামনে থেকে আনসার উদ্দিন সড়কের মুখ পর্যন্ত ঝটিকা মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন থানা কৃষক লীগের সভাপতি রতন শেখ। মিছিলে রাজু, এনামুল, জিকু, বাশার, মুন্না, শোভন রায়হান সরদার ও আকাশ সরদার অংশ নেন বলে জানিয়েছে পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর বিভাগ) সুদর্শন কুমার রায় বলেন, তাদের কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। গ্রেফতার করা হবে।
