Logo
Logo
×
   

Advertisement

শেষ পাতা

সবকিছু থাকছে আগের মতোই

র‌্যাবের ক্ষমতা নিয়েই এসআরবির যাত্রা

Advertisement

সিরাজুল ইসলাম

সিরাজুল ইসলাম

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

র‌্যাবের ক্ষমতা নিয়েই এসআরবির যাত্রা

ফাইল ছবি

Advertisement

এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্তির পর স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ১৬ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। নতুন আইনের আওতায় এসআরবি গঠন করা হলেও সবকিছু থাকছে আগের মতো। বড় পরিবর্তনটা এসেছে বাহিনীটির সাইনবোর্ডে। নাম পরিবর্তনের পর অফিশিয়াল কার্যক্রমে ‘র‌্যাব’-এর স্থলে ‘এসআরবি’ ব্যবহার করা হচ্ছে। এখন চলছে বিধি প্রণয়নের কাজ। এ ছাড়া লোগো, পোশাক ও পতাকায় পরিবর্তন আনার প্রক্রিয়াও শুরু হয়েছে।

জানা গেছে, প্রতিষ্ঠানটির নেতৃত্ব, জনবল, স্থাবর-অস্থাবর সম্পদ, ব্যাংক হিসাব, তহবিল অবকাঠামো এবং কার্যক্রম-এসব কিছু এসআরবিতে স্থানান্তরিত হয়েছে। নতুন আইনে ফৌজদারি অপরাধ তদন্ত, তল্লাশি কার্যক্রম, গ্রেফতার, জব্দ, হাজতখানা ও জিজ্ঞাসাবাদ কক্ষ পরিচালনাসহ যেসব ক্ষমতা এসআরবিকে দেওয়া হয়েছে, তা অনেকটা র‌্যাবের ক্ষমতার মতোই। তাই যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এসআরবিকে আগের প্রতিষ্ঠানের উত্তরসূরি হিসাবেই দেখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন নামে পরিচালিত হলেও সংস্থাটি পুরোপুরি নিষেধাজ্ঞার ঝুঁকিমুক্ত থাকবে-এমনটি নাও হতে পারে বলে মন্তব্য বিশ্লেষকদের। তাদের মতে, এসআরবিও র‌্যাবের মতো আন্তর্জাতিক পর্যবেক্ষণের মধ্যেই থাকবে।

খোঁজ নিয়ে জানা গেছে, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬-এর অধীনে নতুন নামে কার্যক্রম শুরুর মাধ্যমে বাহিনীটি পুরোনো এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন অর্ডিন্যান্স, ১৯৭৯) অধ্যাদেশের আইনি বেড়াজাল থেকে বেরিয়ে এসেছে। নতুন আইনে নাগরিকদের অভিযোগ এবং অভ্যন্তরীণ ক্ষোভ নিষ্পত্তির জন্য একটি ‘অভিযোগ প্রতিকার কমিটি’ গঠনের বিধান রাখা হয়েছে। র‌্যাবের কাঠামো নিয়ে সবচেয়ে বড় বিতর্ক ছিল সশস্ত্র বাহিনীর (সেনা, নৌ ও বিমানবাহিনী) সদস্যদের নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষায় যুক্ত করা। নতুন এসআরবি আইনেও সশস্ত্র বাহিনী থেকে সদস্য নেওয়ার সুযোগ রাখা হয়েছে, যা নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর তরফ থেকে সমালোচনা রয়েছে। বিশ্লেষকদের মতে, বাহিনীটির পুরোনো জনবল, অবকাঠামোগত সুযোগ-সুবিধা এবং ক্ষমতা বহাল রেখে কেবল নাম ও আইন পরিবর্তন করায় এর কার্যক্রমে মৌলিক কোনো রূপান্তর ঘটার সুযোগ সীমিত।

সরকারের দাবি, নতুন আইনের কঠোর তদারকি ও জবাবদিহির বিধান জারি থাকলে অতীতে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের সংস্কৃতি রোধ করা সম্ভব হবে। এসআরবির অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের যে কোনো ধরনের হয়রানি বা অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য ‘অভিযোগ প্রতিকার কমিটি’ কার্যকর ভূমিকা পালন করবে। আগের সব বিতর্কিত সংস্কৃতি পরিহার করে সম্পূর্ণ পেশাদারত্বের সঙ্গে দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস দমন এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধানে এসআরবি কাজ করবে বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান যুগান্তরকে বলেন, নাম পরিবর্তন করে নতুন সংস্থা গঠন করা হলেও মার্কিন নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হবে না। তিনি বলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট) থেকে কোনো সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি বা তা প্রত্যাহার করা একটি দীর্ঘ ও নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার অংশ। কেবল নাম পরিবর্তন বা নতুন নামে সংস্থা পুনর্গঠন করলেই নিষেধাজ্ঞা উঠে যায় না। তিনি আরও জানান, নতুন সংস্থা এসআরবির ওপর যুক্তরাষ্ট্রের কড়া নজর থাকবে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা সংস্থাটির কার্যক্রম ও আচার-আচরণ পর্যবেক্ষণ করবেন।

মানবাধিকারকর্মী নূর খান লিটন বলেন, কাগজ-কলমে র‌্যাব বিলুপ্ত হলেও এসআরবি মূলত নতুন মোড়কে পুরোনো বাহিনী। র‌্যাব এবং এসআরবির মধ্যে মৌলিক কোনো পরিবর্তন নেই। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এসআরবিকে র‌্যাবের উত্তরসূরি হিসাবেই বিবেচনা করবে। সামনের দিনগুলোতে এসআরবির কর্মকাণ্ডের ওপর অনেক কিছু নির্ভর করছে বলে তিনি জানান।

এসআরবির মহাপরিচালক (ডিজি) হাসান হাবীব পলাশ যুগান্তরকে বলেন, ‘র‌্যাবের নাম পরিবর্তন হয়ে এসআরবি হলেও কাজের ক্ষেত্রে কোনো ব্যাঘাত বা পরিবর্তন ঘটেনি। কাজ আমরা ধারাবাহিকভাবে করে যাচ্ছি। নতুন আইনের মাধ্যমে আমাদের কাজের গতি বাড়ছে। পাশাপাশি প্রতিষ্ঠানের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করা সহজ হচ্ছে।’ তিনি বলেন, ‘২৪-এর জুলাইয়ের পর থেকে আমাদের কার্যক্রমে স্বচ্ছতা রয়েছে এবং এই ধারা অব্যাহত থাকবে বলে আমি মনে করি। বিদেশি নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিষয়ে আমরা বেশ আশাবাদী।

রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় দানবে পরিণত হয় র‌্যাব : ২০০৪ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশের আইনশৃঙ্খলার চরম অবনতি হয়। ওই সময় শীর্ষ সন্ত্রাসী ও উগ্রপন্থি জঙ্গিদের দৌরাত্ম্য বন্ধ করতে সেনাবাহিনী, পুলিশ, আনসার ও বিডিআরের সমন্বয়ে এই ‘এলিট ফোর্স’ গঠন করা হয়। শুরুর দিকে শীর্ষ সন্ত্রাসী ও ভয়ংকর জঙ্গিদের গ্রেফতার এবং অস্ত্র উদ্ধারে এই বাহিনী সফলতা অর্জন করায় সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছিল। কিন্তু ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পর অপরাধ দমনের মূল লক্ষ্য থেকে সরে এসে এই বাহিনীকে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন, ভিন্নমত হরণ এবং ক্ষমতা দীর্ঘায়িত করার হাতিয়ার হিসাবে ব্যবহার করা শুরু হয়। বিচারব্যবস্থাকে পাশ কাটিয়ে ‘ক্রসফায়ার’ বা ‘বন্দুকযুদ্ধ’র নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংস্কৃতি চালু করা হয়। র‌্যাব বিভিন্ন স্থানে অন্তত ২০টি গোপন বন্দিশালা বা ডিটেনশন সেন্টার তৈরি করে, যা পরে ‘আয়নাঘর’ নামে পরিচিতি লাভ করে। এসব স্থানে চরম অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। অতিরিক্ত ক্ষমতা এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে এই বাহিনীর সদস্যদের কোনো ধরনের জবাবদিহির মুখোমুখি হতে হয়নি। হত্যার জন্য এক প্রকার অবাধ লাইসেন্স দেওয়া হয়েছিল এই বাহিনীকে। লাগাতার মানবাধিকার লঙ্ঘন, গুম ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র র‌্যাব এবং এর তৎকালীন ও সাবেক বেশকিছু কর্মকর্তার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপরই দেশজুড়ে র‌্যাবের তৎকালীন বেপরোয়া কার্যক্রমে কিছুটা ভাটা পড়ে। ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর র‌্যাবের ভূমিকা নিয়ে তীব্র জনরোষ তৈরি হয়। বিভিন্ন রাজনৈতিক দল, মানবাধিকার সংগঠন ও গুম কমিশনের পক্ষ থেকে এই বাহিনীকে বিলুপ্ত করার জোরালো সুপারিশ করা হয়।

র‌্যাবের বিরুদ্ধে যত অভিযোগ : বিচারবহির্ভূত হত্যা, গুম এবং হেফাজতে নির্যাতনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ র‌্যাবকে একটি বিতর্কিত প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। র‌্যাবের বিরুদ্ধে সবচেয়ে বড় ও নিয়মিত অভিযোগ ছিল, তৎকালীন সরকারের বিরোধী বলে পরিচিত বা সন্দেহভাজনদের আটকের পর ঠান্ডা মাথায় হত্যা করা এবং পরে সেগুলোকে ‘ক্রসফায়ার’ বা ‘বন্দুকযুদ্ধ’ হিসাবে চালিয়ে দেওয়া। বিরোধী দলের নেতাকর্মী, ভিন্নমতাবলম্বী এবং সরকারের সমালোচকদের সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগও রয়েছে র‌্যাবের বিরুদ্ধে। দিনের পর দিন বা বছরের পর বছর তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হতো। আটককৃতদের ওপর শারীরিক নির্যাতন, বৈদ্যুতিক শক দেওয়াসহ বিভিন্ন ধরনের নিষ্ঠুর পদ্ধতি ব্যবহার করা হতো।

কোন সরকারের আমলে কত অপকর্ম : ২০০৬ সালের অক্টোবর পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে র‌্যাব গঠনের পর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের আগ পর্যন্ত ২০ বছরে ৩ হাজার ৬৯৯ জনকে হত্যা করে র‌্যাব। এর মধ্যে আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরেই হত্যার শিকার হন ২ হাজার ৬৯৯ জন। মানবাধিকার সংস্থা ‘অধিকার’র হিসাবে ২০১৮ সালেই মাদকবিরোধী বিশেষ অভিযানের নামে দেশজুড়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন ৪৬৬ জন এবং গুম করা হয় ৬৭৭ জনকে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম