তবু তো বাবা
Advertisement
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা। চারপাশে মানুষের ভিড়। সেই ভিড় ঠেলে বাবার কাছে ছুটে এলো ছোট্ট একটি মেয়ে। হোক চোর, তবু তো বাবা। সারারাত না খেয়ে থাকা বাবার জন্য দোকান থেকে রুটি আর চা কিনে এনে নিজের হাতে মুখে তুলে দিল সে। বাবার অসহায় মুখ আর মেয়ের নিখাদ ভালোবাসার সেই দৃশ্য কাঁদিয়েছে উপস্থিত অনেককেই। পরে সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও।
ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারের। শুক্রবার গভীর রাতে একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদার নামে এক যুবককে আটক করে স্থানীয়রা। পরে তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। পরদিন সকালে অনিককে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখে সেখানে ছুটে আসে তার ছোট্ট মেয়ে। বাবার কাছে গিয়ে সারারাত না খেয়ে থাকার কথা বুঝতে পেরে পাশের একটি দোকান থেকে রুটি ও চা কিনে আনে সে। এরপর নিজের হাতেই বাবার মুখে তুলে দেয় খাবার।
অনিক তখনও খুঁটির সঙ্গে বাঁধা। চারপাশে উৎসুক জনতার ভিড়। আর সেই ভিড়ের মাঝেই ছোট্ট মেয়েটির বাবার মুখে খাবার তুলে দেওয়ার দৃশ্যটি উপস্থিত অনেকের হৃদয়ে স্পর্শ করেছে।
ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে স্থানীয় এক যুবক। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে বাবার প্রতি মেয়ের মমতা নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানান অনেকে। স্থানীয় বাসিন্দা আলামিন বলেন, ‘মেয়েটি বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা দেখে ছুটে আসে। পরে রুটি ও চা এনে নিজের হাতে বাবাকে খাওয়ায়। দৃশ্যটি দেখে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।’
আরেক স্থানীয় বাসিন্দা আবদুর রহিম বলেন, ‘চুরির অভিযোগের বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তি হওয়া উচিত। তবে বাবার প্রতি মেয়েটির যে মমতা ও ভালোবাসা দেখেছি, সেটি সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো।’ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে স্থানীয়রা অনিক সরদারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দিয়েছে। উজিরপুর থানার পরিদর্শক ফারুক বলেন, চুরির অভিযোগে একজনকে আটকের খবর পাওয়ার পর সেখানে মোবাইল টিম পাঠানোর সিদ্ধান্ত হয়। পরে স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে।
