Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ

সার ও জ্বালানিতে বিনিয়োগে আগ্রহী মারুবেনি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোটোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। এ বৈঠকে ওই আলোচনা হয়। এ সময় তথ্যপ্রযুক্তি, জ্বালানি ও সার খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে প্রতিনিধিদলটি। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সাক্ষাতে মারুবেনির পক্ষ থেকে বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে দেশি-বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ প্রেক্ষাপটে তিনি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি করপোরেশনকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, মারুবেনি করপোরেশনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের পাটজাত পণ্যের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। প্রতিনিধিরা বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা গুরুত্বসহকারে বিবেচনা করছেন বলেও তিনি জানান। বৈঠকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের ক্রমবর্ধমান সম্ভাবনা এবং এ খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। জানানো হয়, দক্ষ জনশক্তি, প্রযুক্তিগত সক্ষমতা এবং প্রতিযোগিতামূলক সেবার সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্র (সার্ভিস হাব) হয়ে উঠতে পারে।

১২ মাসের মধ্যে বাংলাদেশে একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ডেটা সেন্টার চালুর পরিকল্পনার বিষয়টিও আলোচনায় উঠে আসে। এ খাতে মারুবেনির আগ্রহ ও বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

বৈঠকে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানিতে (কাফকো) মারুবেনির বিদ্যমান বিনিয়োগ সম্প্রসারণের বিষয়টি আলোচনায় আসে। একই সঙ্গে দেশে দ্বিতীয় একটি কাফকো স্থাপনে বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে মারুবেনিও আগ্রহ প্রকাশ করে। এ সময় বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকর হলে দুদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান প্রমুখ। এছাড়া মারুবেনির পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু ওয়াকামোরি এবং বাংলাদেশে প্রতিষ্ঠানটির কান্ট্রি হেড মানাবু সুগাওয়ারা।

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক : বাংলাদেশে নতুন শিল্প স্থাপন, বিদ্যমান কারখানার আধুনিকায়ন ও প্রযুক্তি স্থানান্তরেও বিনিয়োগ বাড়াতে আগ্রহী মারুবেনি করপোরেশন। জ্বালানি, পরিবেশসম্মত জাহাজ পুনর্ব্যবহার এবং টয়োটা ব্র্যান্ডের গাড়ি নির্মাণে সম্ভাব্য বিনিয়োগ নিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আলোচনা করেছেন প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা। রোববার সচিবালয়ে এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। এ সময় শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, কোম্পানি নিবন্ধন, ট্রেড লাইসেন্স ও বিনিয়োগসংক্রান্ত অনুমোদন প্রক্রিয়া সহজীকরণের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা ও মূলধন প্রত্যাবাসনের সুযোগ নিশ্চিত করার বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।

ব্যবসা করছে ৩৩০ থেকে ৩৫০ জাপানি প্রতিষ্ঠান : জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) তথ্যমতে, ২০২৬ সালের মার্চে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ৩৪০ থেকে ৩৫০টি জাপানি প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করছে। ২০২৪ সালে এ সংখ্যা ছিল প্রায় ৩১৫। প্রতিষ্ঠানগুলোর মধ্যে উৎপাদনশিল্প, বাণিজ্য, তথ্যপ্রযুক্তি, জ্বালানি, রাসায়নিক, ওষুধ ও সেবা খাতের কোম্পানি রয়েছে।

জেট্রোর ২০২৫ সালের ব্যবসায়িক পরিবেশ জরিপের ফল অনুযায়ী, বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী ৫৬.৯ শতাংশ জাপানি প্রতিষ্ঠান এক থেকে দুই বছরের মধ্যে ব্যবসা সম্প্রসারণ করতে চায়।

বৈঠকে ডিএপি ও টিএসপি সার উৎপাদনেও নতুন বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতায় আগ্রহ দেখায় মারুবেনি। এছাড়া বৈঠকে টয়োটা ব্র্যান্ডের গাড়ি নির্মাণসংক্রান্ত প্রস্তাব নিয়েও আলোচনা হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

গবেষণা প্রতিবেদন সয়াবিন তেলে বিষাক্ত ধাতু

সয়াবিন তেলে বিষাক্ত ধাতু

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ সার ও জ্বালানিতে বিনিয়োগে আগ্রহী মারুবেনি

সার ও জ্বালানিতে বিনিয়োগে আগ্রহী মারুবেনি

ইউনিয়ন পরিষদ সহিংসতা কমিয়ে ভোটের পরিকল্পনা ইসির

সহিংসতা কমিয়ে ভোটের পরিকল্পনা ইসির

যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ অধিদপ্তরের ভেতর থেকেই প্রশ্নফাঁস

অধিদপ্তরের ভেতর থেকেই প্রশ্নফাঁস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম