ভারতে সিইসির পদত্যাগ দাবি
নতুন কর্মসূচিতে আজ ফের মাঠে সিজেপি
Advertisement
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভারতজুড়ে আজ নতুন কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার গ্রেফতারের প্রতিবাদে ভারতজুড়ে জাতীয় পতাকা ওড়ানোর এ কর্মসূচির ডাক দেওয়া হয়। এদিন দিল্লির কনট সেন্ট্রাল পার্কে পতাকা ওড়াবেন ককরোচরা। আশঙ্কা করা হচ্ছে, দিল্লি পুলিশ এ কর্মসূচিতেও ধরপাকড় চালাতে পারে। তবে সপ্তাহের শেষদিকে এ কর্মসূচি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে ককরোচদের মাঠ না ছাড়ার বার্তাই বহন করছে।
বৃহস্পতিবার ভিডিও বার্তায় সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এ কর্মসূচির ঘোষণা করেন। মঙ্গলবার সকালে যন্তর মন্তরে প্রবেশ করা এবং সেখানে পতাকা ওড়ানোর পর গ্রেফতার হন সিজেপি নেতা আশুতোষ ও সৌরভ দাস। তাদের পশ্চিম দিল্লির কুখ্যাত তিহার জেলে পাঠানো হয়। এ প্রেক্ষাপটে দাদির মৃত্যুতে মুম্বাইয়ে যাওয়া দীপকে দ্রুতই দিল্লিতে ফেরেন। ভিডিও বার্তায় দীপকে বলেন, শুধু জাতীয় পতাকা ওড়ানোর জন্যই সৌরভ ও আশুতোষকে জেলে পাঠানো হয়েছে। এর প্রতিবাদ জানাতেই তারা এ কর্মসূচি পালন করবেন। কর্মসূচির বিষয়ে অভিজিৎ জানান, আজ বিকাল ৫টায় দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা নিয়ে জমায়েত হবেন তারা। সেখানে তারা ভারতের জাতীয় পতাকা ওড়াবেন। পতাকা ওড়ানো যে কোনো অপরাধ নয়, মোদি সরকারকে সেই বার্তাই তারা দিতে চান। ভারতের বিভিন্ন প্রান্তের মানুষের উদ্দেশে অভিজিৎ বলেন, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা নিজ নিজ শহরে সন্ধ্যায় জাতীয় পতাকা নিয়ে মিছিল করুন। তার বক্তব্য, তেরঙ্গা (ভারতের পতাকা) দেশের গর্ব। এ পতাকা ওড়ানোর জন্য জেলে যেতে হলেও তিনি পিছপা হবেন না। এবারের কর্মসূচির স্লোগান-‘জেলে যাওয়ার ভয় নেই, তেরঙ্গা ওড়াবই’।
পুরো ভারতের মানুষের আন্দোলন : নেহা
বৃহস্পতিবার দিল্লিতে সংবাদ সম্মেলন করেন দীপকে, যা ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার হয়। সেখানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (এআইএসএ) প্রেসিডেন্ট নেহা বোরা ও খ্যাতিমান অভিনেতা প্রকাশ রাজ। এতে সাংবাদিকদের ওপর দিল্লি পুলিশের নিপীড়নের বর্ণনা তুলে ধরে নিন্দা জানান নেহা বোরা। তিনি বলেন, ‘নারী সাংবাদিকদের যৌন হেনস্তা করা হয়েছে।’ নেহা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনকে পুরো ভারতের মানুষের আন্দোলন বলে বর্ণনা করেন। সংবাদ সম্মেলনে দীপকে বলেন, সরকার এক জ্ঞানেশ কুমারকে বাঁচাতে মমতা ব্যানার্জিসহ দেশের বড় বড় নেতাকে আটক করছে। রেল বন্ধ করে দিল, সব বন্ধ করে দিল-পুলিশ দিল্লিতে ইন্ডিয়া-পাকিস্তান সীমান্ত বানিয়ে দিল-এগুলো কার জন্য করল; সব জ্ঞানেশ কুমারের জন্য। অভিজিতের প্রশ্ন, এক জ্ঞানেশ কুমারের জন্য এতকিছু কেন? তিনি মোদির জন্য এত গুরুত্বপূর্ণ কেন? তাহলে কেন আমরা ভাবব না যে, জ্ঞানেশ কুমার নির্বাচনে জেতাচ্ছেন মোদিকে; এমনটা না হলে তার জন্য তিনি এতকিছু করবেন কেন?
অঙ্কিতার হত্যাকারী বিজেপি নেতা পুরস্কৃত, দিল্লিতে বিক্ষোভ
দিল্লিতে চলমান আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে উত্তরাখণ্ডে ২০২২ সালে নিহত তরুণী অঙ্কিতা ভান্ডারির হত্যাকাণ্ড। হত্যায় জড়িত এক বিজেপি নেতাকে পুরস্কৃত করার দায়ে বৃহস্পতিবার বিক্ষোভ করেন তার বাবা-মা। সূত্র জানায়, এ হত্যাকাণ্ডে অভিযুক্ত হিসাবে আলোচনায় আসা ভারতীয় জনতা পার্টির নেতা দুষ্যন্ত কুমার গৌতমকে সিকিমের রাজ্যপাল নিয়োগের প্রতিবাদে দিল্লির ইন্ডিয়া গেটের কাছে বিক্ষোভ করতে গিয়ে আটক হন অঙ্কিতার বাবা-মা। পরে বৃহস্পতিবার ভোরে তাদের ছেড়ে দেওয়া হয়। অঙ্কিতার পরিবারের দাবি, চলমান কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গৌতমের রাজ্যপাল হিসাবে নিয়োগ কার্যকর করা উচিত নয়। তাদের অভিযোগ, তাদের মেয়ে অঙ্কিতার হত্যাকাণ্ডের সঙ্গে ওই নেতার যোগসাজোশ রয়েছে। অঙ্কিতার বাবা বলেন, তার মেয়েকে হত্যার ঘটনায় প্রভাবশালী বিজেপি নেতা গৌতম জড়িত আছেন। অবশ্য গৌতম এ অভিযোগ অস্বীকার করেছেন। উত্তরাখণ্ড রাজ্যের ১৯ বছর বয়সি অঙ্কিতা ভান্ডারি একটি রিসোর্টে রিসেপশনিস্ট হিসাবে কাজ করতেন। ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর তাকে হত্যা করা হয়। এ ঘটনায় রিসোর্টের মালিক পুলকিত আর্য ও তার দুই কর্মী সৌরভ ভাস্কর ও অঙ্কিত গুপ্তা গ্রেফতার হন। চার দিন পর স্থানীয় একটি খাল থেকে অঙ্কিতার মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগ ওঠে, রিসোর্টে আসা এক প্রভাবশালী অতিথিকে বিশেষ সুবিধা দিতে অঙ্কিতার ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল। তিনি এতে রাজি না হওয়ায় তাকে হুমকি দেওয়া হয়। ওই কথিত ‘ভিআইপি’ বিজেপি নেতা গৌতম বলে দাবি করছেন তার বাবা-মা।
মোদি বর্বরতার সব সীমা ছাড়িয়ে গেছেন : ধ্রুব রাঠি
নরেন্দ্র মোদির ওপর চরম ক্ষোভ ঝাড়লেন জনপ্রিয় ইউটিউবার ও অধিকারকর্মী ধ্রুব রাঠি। নিজের ভেরিফায়েড এক্স হ্যান্ডলে পোস্ট দিয়ে ধ্রুব রাঠি লেখেন, ‘নরেন্দ্র মোদি বর্বরতার সব সীমা ছাড়িয়ে গেছেন।’ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর পোস্টটি দেন ধ্রুব। পোস্টে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-এর একটি ভিডিও ফুটেজ জুড়ে দেন তিনি। ক্যাপশনে ধ্রুব লেখেন, ‘ওনারা হলেন অঙ্কিতা ভান্ডারির মা-বাবা। অঙ্কিতা এমন এক তরুণী, যাকে এই একই ব্যবস্থায় হত্যা করেছে। এখন ওরা তার মা-বাবাকেও রেহাই দিচ্ছে না।’
সিইসিবিরোধী আন্দোলন করায় ইমরানকে ভারত ছাড়ার নির্দেশ
বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবির আন্দোলনে যোগ দেওয়ায় শনিবার তাকে মুম্বাইয়ে আটক করেছিল পুলিশ। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ইমরানকে এই নির্দেশ দিয়েছে ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)। অভিযোগে বলা হয়েছে, আন্দোলনে অংশ নেওয়ার মাধ্যমে তিনি বিদেশি নাগরিক আইন লঙ্ঘন করেছেন। এফআরআরও’র নোটিশে ইমরানকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে সুপ্রিমকোর্টের নোটিশ
দ্য স্ক্রল জানায়, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় বড় আকারে নাম বাদ দেওয়ার ঘটনাকে চ্যালেঞ্জ করে বিরোধী নেতাদের দায়ের করা আবেদনের প্রেক্ষিতে সুপ্রিমকোর্ট নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিশ পাঠিয়েছে। এছাড়া, বৃহস্পতিবার যন্তর মন্তরকে প্রতিবাদস্থল হিসাবে চিহ্নিত করার সরকারি বিজ্ঞপ্তি প্রত্যাহার করার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা অন্য একটি আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশকেও নোটিশ দেওয়া হয়েছে।
