সাগরে গভীর নিম্নচাপ
ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আজ
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি সোমবার (আজ) ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পরে এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে বুধবার নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করতে পারে। রোববার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। রোববার দুপুর ১২টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮১০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার থেকে ৭৩০ কিলোমিটার দক্ষিণে, মোংলা থেকে ৮৪০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গভীর নিম্নচাপটি দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। পরে এটি দিক পরিবর্তন করে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে তা ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপের কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঘূর্ণিঝড়টি বুধবার ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে কাল মঙ্গলবার দেশের কয়েকটি স্থানে বৃষ্টি শুরু হতে পারে। পরদিন থেকে পরবর্তী দুই দিন দেশের বড় অংশজুড়ে বৃষ্টি হতে পারে।
