Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

এনইসিসহ বিভিন্ন সংগঠনের বিবৃতি

আমার দেশ প্রেসে বোমা হামলার নিন্দা বিচার দাবি

Advertisement

Icon

সাংস্কৃতিক প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আমার দেশ প্রেসে বোমা হামলার নিন্দা বিচার দাবি

ছবি: সংগৃহীত

Advertisement

দৈনিক আমার দেশ পত্রিকার ছাপাখানায় বোমা নিক্ষেপের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)। পাশাপাশি ঘটনার নিন্দা এবং এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি। সোমবার দেওয়া এক যৌথ বিবৃতিতে এনইসির নেতারা এ দাবি জানান। বিবৃতিতে এনইসির সভাপতি ও যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান, সহসভাপতি ও যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার এবং কোষাধ্যক্ষ ও ওয়াদা সম্পাদক শফিকুল আলম স্বাক্ষর করেন।

বিবৃতিতে বলা হয়, ২৫ অক্টোবর রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ের লাভ রোড এলাকায় আমার দেশ পাবলিকেশনের প্রধান ফটক লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। এতে আমার দেশ-এর ছাপাখানার একজন নিরাপত্তাকর্মী আহত হন। একই সময়ে ঘটনাস্থলের কিছুটা সামনে আরেকটি অবিস্ফোরিত বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। এ ঘটনায় আমার দেশ কর্তৃপক্ষ তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। বিবৃতিতে এনইসির নেতারা বলেন, ‘সংবাদপত্রের কার্যালয় ও ছাপাখানায় বোমা নিক্ষেপের ঘটনা স্বাধীন গণমাধ্যমের ওপর আঘাত হানার গভীর ষড়যন্ত্রের অংশ। আশা করি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’ বিবৃতিতে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০১০ সালে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছিল। ওই সময়ে তেজগাঁওয়ের সাত রাস্তার মোড়ে হাতুড়ি দিয়ে তার গাড়িতে হামলা চালানো হয়। আশা করি সংবাদমাধ্যমের ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলার পুনরাবৃত্তি ঘটবে না।

জামায়াত ও এবি পার্টির উদ্বেগ : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সোমবার এক বিবৃতিতে বলেন, আমার দেশ-এর প্রেসের সামনে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। গণমাধ্যমের কার্যালয় ও সংবাদপত্রের ছাপাখানার মতো গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের সহিংস হামলা স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের নিরাপত্তা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকিস্বরূপ। এ ঘটনায় প্রেসের নিরাপত্তারক্ষী আকতার হোসেন ও সামনের পানের দোকানি রিনা খানম আহত হওয়ার ঘটনায় আমি তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে হামলার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার পাশাপাশি দৈনিক আমার দেশ-এর প্রেসসহ দেশের সব গণমাধ্যম প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

অন্যদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতা গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি। কোনো সংবাদমাধ্যমের সঙ্গে মতপার্থক্য থাকলে তার জবাব দিতে হবে যুক্তি, তথ্য ও পালটা বক্তব্যের মাধ্যমে, ভীতি প্রদর্শনের মাধ্যমে নয়। তারা বলেন, অপরাধীর রাজনৈতিক পরিচয় যা-ই হোক, তদন্তের ভিত্তিতে তাকে জবাবদিহির আওতায় আনতে হবে।

বিএফইউজে ও ডিইউজের নিন্দা : এ ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। সোমবার বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গণি চৌধুরী এবং ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যুক্ত বিবৃতিতে বলেন, সংবাদপত্রের কার্যালয় ও ছাপাখানায় বোমা হামলা স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকতার ওপর চরম আঘাত। ফ্যাসিবাদী শাসনামলে বিভিন্ন সংবাদপত্রের কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় জড়িতদের শেষ রক্ষা হয়নি। ভবিষ্যতেও সাংবাদিকরা রাজপথে থেকে এ ধরনের হামলার মোকাবিলা করবেন। তারা অবিলম্বে এ ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

Advertisement

Advertisement

আরও পড়ুন

২০২৯ সালের মধ্যে দুটি বাস্তবায়নের টার্গেট যানজট নিরসনে ঢাকায় হবে ১৭টি মনোরেল

যানজট নিরসনে ঢাকায় হবে ১৭টি মনোরেল

তরঙ্গ নবায়নে অকল্পনীয় ছাড় গ্রাহক সেবার নিশ্চয়তা কোথায়

গ্রাহক সেবার নিশ্চয়তা কোথায়

হাওড়ের বাহেরবালি উচ্চবিদ্যালয় পানিতে ভাসে শিক্ষার বাতিঘর

পানিতে ভাসে শিক্ষার বাতিঘর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোট আজ মর্যাদা রক্ষা চায় বিএনপি জয়ে মরিয়া জামায়াত

মর্যাদা রক্ষা চায় বিএনপি জয়ে মরিয়া জামায়াত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম