Logo
Logo
×
   

Advertisement

শেষ পাতা

বল প্রয়োগ না করে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করুন: সেনাপ্রধান

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, সাভার ও আশুলিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বল প্রয়োগ না করে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করুন: সেনাপ্রধান

Advertisement

দেশের চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বল প্রয়োগ না করে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি পেশাদারির সঙ্গে দেশ ও জাতির জন্য কাজ করতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। সোমবার সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সেনাপ্রধান বলেন, আমরা ভাবছিলাম যে দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাব; কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে। তাই আমাদের ধৈর্য রাখতে হবে এবং পেশাদারির সঙ্গে কাজটা সম্পন্ন করতে হবে। সুতরাং দেশ ও জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে এবং যতদিন না একটা নির্বাচিত সরকার পেয়ে যাই, আমাদের এ কাজটি ধৈর্যের সঙ্গে করে যেতে হবে।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ডেপ্লয়মেন্টের সময় উচ্ছৃঙ্খল কাজগুলো করা যাবে না, অতিরিক্ত বল প্রয়োগ করার বিষয়ে নজর রাখতে হবে। বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত পেশাদারির মাধ্যমে যত কম বল প্রয়োগ করা করা যায় ততই ভালো। ইনশাআল্লাহ আমরা সবাই যদি একসঙ্গে কাজ করি, দেশের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে পারব এই প্রত্যাশা করি।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, একজন সেনাসদস্যের পেশাগত উৎকর্ষ অর্জনে ফায়ারিংয়ে দক্ষতা অত্যন্ত জরুরি। এটা মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। প্রতিবছর এ প্রতিযোগিতা সেনাসদস্যদের কাঙ্ক্ষিত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় সেনাবাহিনী প্রধান নিজেও ফায়ারিংয়ে অংশগ্রহণ করেন।

এর আগে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান। ফায়ারিং প্রতিযোগিতায় এবার প্রথম স্থান অর্জন করেন তেত্রিশ পদাতিক ডিভিশন এবং রানারআপ হয়েছে সাত বিগ্রেড ডিভিশন। ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

সেনাপ্রধান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম