ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ২২১ ব্রিটিশ এমপির চিঠি
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সম্মেলনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে ঘোষণার আহ্বান জানিয়ে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে চিঠি দিয়েছেন হাউজ অব কমন্সের ২২১ এমপি। শুক্রবার তারা এই চিঠি দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
‘ক্যাবিনেট মিনিস্টার্স অ্যান্ড থার্ড অব এমপিস কল অন স্টারমার টু রিকগনাইজ স্টেট অব প্যালেস্টাইন’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ক্ষুধার্ত বেসামরিক জনগণের জন্য ইসরাইলের সাহায্য বন্ধের প্রেক্ষিতে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য কিয়ার স্টারমার সিনিয়র মন্ত্রী এবং এক তৃতীয়াংশেরও বেশি এমপির পক্ষ থেকে তীব্র চাপের মধ্যে রয়েছেন। অনেক মন্ত্রীর মতো উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়েনার এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপারও মনে করেন যে, ফ্রান্সের পাশাপাশি এখন ব্রিটিশ সরকারেরও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতির ক্ষেত্রে নেতৃত্ব নেওয়া উচিত।
পররাষ্ট্রমন্ত্রীকে দেওয়া চিঠিতে স্বাক্ষরকারী ২২১ জন এমপির মধ্যে ক্ষমতাসীন লেবার পার্টিসহ ৯টি রাজনৈতিক দলের জনপ্রতিনিধি আছেন। এমনকি প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টিরও বেশ কয়েক জন এমপিও এ তালিকায় আছেন। হাউজ অব কমন্সে মোট আসনসংখ্যা ৬৫০টি। সেই হিসাবে পার্লামেন্টের এক-তৃতীয়াংশ এমপি চিঠিতে স্বাক্ষর করেছেন। ব্রিটেনের বর্তমান সরকারের উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়েনার এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপারও আছেন এ তালিকায়।
চিঠিতে বলা হয়েছে, ‘আমরা জানি যে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার মতো ক্ষমতা ব্রিটেনের নেই; কিন্তু ফিলিস্তিনের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং যেহেতু ব্রিটেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, তাই আমাদের বিশ্বাস যে ব্রিটেন ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে এর দীর্ঘ স্বাধীনতা সংগ্রামে উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব পড়বে।’
এর আগে গার্ডিয়ান জানিয়েছিল যে, স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং, আইনমন্ত্রী শাবানা মাহমুদ এবং উত্তর আয়ারল্যান্ড বিষয়ক মন্ত্রী হিলারি বেন সাম্প্রতিক এক মন্ত্রিসভার বৈঠকে ফিলিস্তিনের স্বীকৃতির জন্য চাপ দিয়েছেন।
মন্ত্রিসভার একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, স্কটল্যান্ড বিষয়ক মন্ত্রী ইয়ান মারে এবং ওয়েলস বিষয়ক মন্ত্রী জো স্টিভেন্সও মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়টি উত্থাপন করেছেন। মারে এবং স্টিভেন্স অবশ্য এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
এর আগে, বুধবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স। ম্যাক্রোঁ এই ঘোষণা দেওয়ার ২ দিনের মধ্যে স্টারমারকে চিঠি দিলেন দুই শতাধিক ব্রিটিশ এমপি।
