Logo
Logo
×
   

Advertisement

শেষ পাতা

বেরোবি ছাত্রসংসদ নির্বাচন

আইন পাশে সময় চেয়ে ভিসির প্রতিশ্রুতি প্রত্যাখ্যান

অনশনে ৩০ ঘণ্টায় অসুস্থ ৫ শিক্ষার্থী

Advertisement

Icon

বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আইন পাশে সময় চেয়ে ভিসির প্রতিশ্রুতি প্রত্যাখ্যান

Advertisement

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচন আইন পাসে উপাচার্যের (ভিসি) ১০ দিনের সময় চেয়ে প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করেছেন আমরণ অনশনরত শিক্ষার্থীরা। এদিকে সোমবার বিকাল ৫টা পর্যন্ত গত ৩০ ঘণ্টায় অনশনরত ৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। যাদের মধ্যে রোববার রাত ১২টার দিকে অসুস্থ হয়ে পড়েন তিন শিক্ষার্থী। তারা হলেন-সমাজ বিজ্ঞান বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান জয়, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী মাহিদুল ইসলাম মাহিদ এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী রুম্মানুল ইসলাম রাজ। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে চাইলে তারা যেতে রাজি হননি। তাই তাদেরকে সেখানেই স্যালাইন লাগিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া সোমবার বেলা ১১টার দিকে অসুস্থ হয়ে পড়েন গণিত বিভাগের শিক্ষার্থী আরমান হোসেন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নয়ন।

আন্দোলনকারীরা জানান, দ্রুত ব্রাকসু নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না হওয়া পর্যন্ত তাদের অনশন চলবে। তারা অভিযোগ করে বলেন, ১৭ বছর পার হলেও বিশ্ববিদ্যালয়ে একবারও ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এতদিন ধরে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছিল।

এদিকে অনশনরতদের সঙ্গে সংহতি জানিয়ে তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী শিক্ষার্থীদের অনশন ভাঙতে পরামর্শ দিয়ে সোমবার বিকালে বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে আমার কথা হয়েছে। তারা ১০ কর্মদিবস সময় চাচ্ছেন। আশা করি ১০ দিনের মধ্যে আমরা ইতিবাচক ফলাফল পাব। আর যদি তা সম্ভব না হয় তাহলে আমি নিজেই দায়িত্ব নিয়ে তা সম্পন্ন করব।

তবে এ প্রস্তাবকে প্রত্যাখ্যান করে অনশনরত শিক্ষার্থীরা বলেন, ইউজিসি কি জানে না আমরণ অনশন কি? দাবি আদায় না হলে মৃত্যুর আগ পর্যন্ত তাদের এই অনশন চলবে।

এর আগে, দুপুর তিনটায় আবু সাঈদ চত্বরে বিশ্ববিদ্যালয়ের অনশনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে ইউজিসির গায়েবানা জানাজা আদায় করেন রংপুর শহরের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ব্রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে ৯ শিক্ষার্থী রোববার বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশন শুরু করেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম