Logo
Logo
×
   

Advertisement

খবর

চরফ্যাশনে পুকুরে গ্যাসের সন্ধান!

Advertisement

Icon

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চরফ্যাশনে মাটি কাটার সময় একটি পুকুর থেকে গ্যাস বের হওয়ার খবরে স্থানীয় লোকজনের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। চরফ্যাশন উপজেলার দুলারহাটে ৬ নম্বর নূরাবাদ ইউনিয়নের মোল্লাবাড়ির পুকুর থেকে মাটি কাটতেই গ্যাস বের হচ্ছে। আশপাশের উৎসুক জনতা তা দেখতে সেখানে ভিড় করছেন। উৎসুক লোকজন কৌতূহলবশত মাটিতে সরু পাইপ বসিয়ে দেশলাইয়ের কাঠি জ্বালাতেই পাইপের ওপরের অংশে দাউ দাউ করে জ্বলে ওঠার খবর পাওয়া গেছে। এমন খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস এবং ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রের টেকনিক্যাল টিম উদগিরণকৃত গ্যাস পর্যবেক্ষণ করেছে।

পর্যবেক্ষণ টিমের বিশেষজ্ঞরা জানান, ‘গ্যাসের চাপ কম এবং গ্যাস নিঃসরণ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।’ এটি বায়ুজনিত গ্যাস হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারা আরও জানান, ‘নমুনা নিয়ে ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করার মতো পরিস্থিতি নেই। কারণ গ্যাসের চাপ কম। আশপাশের অগভীর নলকূপগুলোতে কোনো গ্যাস নিঃসরণ হচ্ছে না।’

পর্যবেক্ষণ টিমের বিশেষজ্ঞদের মতে, পুকুর বা জলাশয়ের নিচে জমে থাকা জৈব পদার্থ পচে ‘মিথেন গ্যাস’ সৃষ্টি হতে পারে, যা অনেক সময় আগুন দিলে জ্বলে ওঠে। তারা জানান, উল্লিখিত পুকুরে গ্যাসের যে বুদবুদ দেখা গিয়েছে তা উদ্ভিজ্জ বা বায়োগ্যাসের মাধ্যমে জমাকৃত হয়েছে। গ্যাস ডিটেক্টরের মাধ্যমে মিথেন এবং Co2-এর অস্তিত্ব পাওয়া গেলেও কোনোরূপ হায়ার হাইড্রোকার্বনের প্রমাণ পাওয়া যায়নি। তাই এটি Shallow Depth এবং লো প্রেসারে জমাকৃত স্বল্প পরিমাণের বায়োগ্যাস, যা ভোলার বিভিন্ন স্থানেই পরিলক্ষিত হয়। লো প্রেসার হওয়ায় কিছুকাল পরই এ গ্যাস নিঃশেষ হওয়ার আশঙ্কা রয়েছে।

নিরাপত্তা বিবেচনায় বুদবুদ নিঃশেষ না হওয়া পর্যন্ত ওই স্থানে অতি উৎসাহী হয়ে অগ্নিসংযোগ না করার অনুরোধ করছেন উপজেলা প্রশাসন। চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেছেন, খবরটি তিনি শুনেছেন। তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম