জাতীয় সংসদ অধিবেশন
ভূমি অফিসে সিসি ক্যামেরায় দালাল নিয়ন্ত্রণ : ভূমিমন্ত্রী
আট জেলায় অভ্যন্তরীণ বিমানবন্দর নির্মাণে সমীক্ষার উদ্যোগ
Advertisement
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশের ভূমি অফিসগুলোতে সিসি ক্যামেরার মাধ্যমে দালালদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে সংসদে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ভূমি অফিসে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ কমিয়ে সবকিছু একটি উন্মুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে আনা হচ্ছে। ভূমি মন্ত্রণালয় থেকে নামজারি, ভূমি উন্নয়ন কর, ই-পর্চা ও ম্যাপ সিস্টেম, ভূমিসেবা সহায়তা কেন্দ্র, ভূমি অ্যাপ এবং অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সিস্টেম আবেদন দাখিল ও সেবা ট্র্যাকিং করা হচ্ছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য শিরীন সুলতানার প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপন করা হয়।
সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী বলেন, ২০২৪-২৫ সালে দেশের বিভিন্ন আদালতে ভূমিসংক্রান্ত দুই লাখ ৮১ হাজার ৬৫৯টি মামলা বিচারাধীন রয়েছে। বিরোধ নিষ্পত্তিতে ভূমি সালিশ ও বিকল্প বিরোধ নিষ্পত্তির হার প্রায় ৩৯.৪৩ শতাংশ। এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী বলেন, মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পটি সমাপ্ত হবে ২০২৭ সালের ডিসেম্বরে। ডিজিটাল ভূমি জোনিং কার্যক্রম সম্পন্ন হলে সারাদেশের ভূমিকে জমির ব্যবহার ও বৈশিষ্ট্য ভিত্তিতে ১৮টি ক্যাটাগরিতে বিভক্ত করা হবে।
প্রবাসীকর্মীর জন্য সাশ্রয়ী ভাড়ার স্পেশাল টিকিট : প্রবাসী শ্রমিকদের যাতায়াতে বিমান ভাড়া কমানোর বিষয়ে মো. শাহাদাত হোসেনের প্রশ্নের জবাবে বিমান পরিবহণমন্ত্রী আফরোজা খানম বলেন, হজ মৌসুমে জেদ্দা ও মদিনা থেকে দেশে ফেরত আসা খালি ফ্লাইটে প্রবাসীকর্মীর টিকিটের মূল্য ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আগে যা ৫০-৫৫ হাজার টাকা পর্যন্ত ছিল। এছাড়া সৌদি আরব, কাতার, ওমান ও মালয়েশিয়াগামী বিভিন্ন রুটে ‘টি-ক্লাস’ নামে সাশ্রয়ী ভাড়ার স্পেশাল টিকিট চালু করা হয়েছে। এর আওতায় ঢাকা-জেদ্দা রুটে ভাড়া ৬২ হাজার থেকে ৪৮ হাজার টাকা, ঢাকা ও রিয়াদ-দাম্মাম রুটে ৫৩ হাজার টাকা থেকে ৪৮ হাজার টাকা, ঢাকা-দোহা রুটে ৫৩ হাজার টাকা থেকে ৪৬ হাজার টাকা, ঢাকা-মাসকাট রুটে ৩৯ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা এবং ঢাকা-কুয়ালালামপুর রুটে ২৮ হাজার টাকা থেকে ২১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
মো. আবু তালেব মণ্ডলের প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী বলেন, জাতীয় এয়ার কানেকটিভিটি গ্রিড তৈরির অঙ্গীকারের আওতায় শহরগুলোকে সংযুক্ত করতে ছোট বিমানবন্দর ও এয়ারস্ট্রিপ নির্মাণ করা হবে। ইতোমধ্যে সরকার অগ্রাধিকারভিত্তিতে বগুড়া, লালমনিরহাট, ঠাকুরগাঁও, পাবনার ঈশ্বরদী, মৌলভীবাজারের সমশেরনগর, বাগেরহাট খানজাহান আলী, কুমিল্লা ও পটুয়াখালী স্টলপোর্টকে অভ্যন্তরীণ বিমানবন্দর হিসাবে উন্নয়নের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
চাষযোগ্য জমি কমা ঠেকাতে পদক্ষেপ : খায়রুল কবির খোকনের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, দেশে মোট আবাদযোগ্য কৃষিজমির পরিমাণ ৮৮ লাখ ২৯ হাজার হেক্টর (২ কোটি ১৮ লাখ একর), যা দেশের মোট আয়তনের প্রায় ৫৯.৭ শতাংশ। তিনি বলেন, অপরিকল্পিত নগরায়ণ, আবাসন এবং শিল্পায়নের কারণে প্রতি বছর বিপুল পরিমাণ চাষযোগ্য জমি কমছে। এ পরিস্থিতি মোকাবিলা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সম্প্রতি বেশ কিছু কঠোর ও যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে।
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মানি বৃদ্ধি : মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খান বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পুনর্গঠন করা হচ্ছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে যারা শহীদ হয়েছেন এমন ছয় হাজার ৭৮৭ জনের নাম গেজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সরকার খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানি ৫ হাজার টাকা হারে বৃদ্ধি করেছে। ১৩ হাজার ৩৪৪ জন জুলাই যোদ্ধার ব্যাংক অ্যাকাউন্টে মাসিক সম্মানি দেওয়া হচ্ছে। বাকিদের ভাতা প্রদান কার্যক্রম প্রক্রিয়াধীন।
বনভূমি সুরক্ষায় কাজ হচ্ছে : সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, দেশে এক লাখ ২৩ হাজার ৮৬৯ একর প্রটেকটিভ ফরেস্ট (সুরক্ষামূলক বনাঞ্চল) রয়েছে। এর মধ্যে কৃষি উপযোগী কোনো জমি নেই।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দেশে পর্যাপ্ত বনভূমির স্বল্পতা রয়েছে। সে বিবেচনায় প্রটেক্টেড ফরেস্ট কৃষি জমিতে রূপান্তর করা যুক্তিযুক্ত হবে না।
