জাতীয় সংসদ অধিবেশন
অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বাড়ছে তীব্র হারে: স্বাস্থ্যমন্ত্রী
Advertisement
সংসদ প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বাড়ছে এবং এর প্রাদুর্ভাব একটি ক্রমবর্ধমান জনস্বাস্থ্য সমস্যা হিসাবে বিবেচিত হচ্ছে। ক্রমান্বয়ে বাড়ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর)। অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ও অতিরিক্ত ব্যবহার, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থার সীমাবদ্ধতা এবং মানব ও প্রাণী খাতে অ্যান্টিমাইক্রোবিয়ালের অনিয়ন্ত্রিত ব্যবহারের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। ফলে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু পরিবেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে এবং চিকিৎসা কার্যক্রম আরও জটিল হয়ে উঠছে।
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৫তম দিনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। বেলা ১১টায় শুরু হওয়া সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ফেনী-২ আসনের সংসদ-সদস্য জয়নাল আবদিনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার জীবাণু শনাক্তকরণ এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নির্ণয়ের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এ ব্যাপারে জনসচেতনতা তৈরির কার্যক্রম চলমান আছে।
বেসরকারি মেডিকেলে এমবিবিএসে ৫ ভাগ কোটা চালু রয়েছে : অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে বেসরকারি মেডিকেল, ডেন্টাল কলেজে এমবিবিএস, বিডিএস কোর্সে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ৫ শতাংশ মেধাবী ও অসচ্ছল কোটা চালু রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আউটসোর্সিংয়ের কর্মচারীরা ২০ মাস বেতন পান না : খুলনা-৬ আসনের সংসদ-সদস্যের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োজিত কর্মচারীদের বেতন-ভাতা জুন- ২০২৫ পর্যন্ত পরিশোধিত হয়েছে।
