জাতীয় সংসদ অধিবেশন
বিরোধী দলের সদস্যরা ২০ কোটি টাকা বরাদ্দ পাবেন: মির্জা ফখরুল
Advertisement
সংসদ প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিরোধী দলের সংসদ-সদস্যদের নির্বাচনি এলাকার জন্য প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সংসদের অবগতির জন্য জানাচ্ছি যে, আমাদের প্রধানমন্ত্রী তার ঐচ্ছিক তহবিল থেকে আমাদের বিরোধী দলের সদস্যদের আসনগুলোতে, সিটি করপোরেশন বাদ দিয়ে প্রায় ২০ কোটি টাকা মঞ্জুর করেছেন।’ মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, মসজিদ, গোরস্তান, ঈদগার জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি এসব কথা বলেন। স্পিকার হাফিজউদ্দিন আহমদ এ সময় সভাপতিত্ব করেন।
বিরোধী দলের পক্ষ থেকে এ সময় কিছু বলা হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা জেলা পরিষদের পক্ষ থেকে। সিটি করপোরেশনগুলোতে পরবর্তীতে হবে।
৪০ বছর সংসদে কাটিয়েছি, কানাকড়িও পাইনি : মির্জা ফখরুলের বিবৃতির পর স্পিকার হাফিজউদ্দিন আহমদ জানান, তিনি নিজে দীর্ঘদিন সংসদে কাটিয়েছেন, বিরোধী দলের সদস্যও ছিলেন; কিন্তু এ ধরনের কোনো বরাদ্দ কখনো পাননি। স্পিকার বলেন, ৪০ বছর আমিও এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলেরও সদস্য ছিলাম। একটি কানাকড়িও কোনো দিন পাইনি। পাঁচবার গ্রেফতার হয়ে জেলে গিয়েছি। এটুকুই পেয়েছি। প্রাপ্তিযোগ অন্য কিছু হয়নি।
বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানিয়ে স্পিকার বলেন, তিনি বাজেট আলোচনায় দেশের বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন। বিরোধী দলের নেতাকে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি এক ঘণ্টা বলেছেন দেশের বিভিন্ন সমস্যার ওপর, বাজেট বিষয়ে আলোকপাত করেছেন। বিরোধীদলীয় নেতার বক্তব্যে ভোলার সমস্যার কথাও উঠে এসেছে জানিয়ে স্পিকার বলেন, সভাপতির আসনে বসে নিজের নির্বাচনি এলাকার সমস্যা তিনি তুলতে পারেন না।
স্পিকার বলেন, আমার জন্মভূমি, আমার নির্বাচনি এলাকা ভোলার সমস্যাগুলো এখানে তুলে ধরতে পারছি না এই চেয়ারে বসার কারণে। সেটি তিনি অনুগ্রহ করে জাতির উদ্দেশে বক্তব্যে রেখেছেন। বিরোধীদলীয় নেতার বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘সুবিচার’ করবেন বলে আশা প্রকাশ করেন স্পিকার।
