রূপপুরে ৫ হাজার বিদেশি বিশেষজ্ঞ কর্মরত: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
Advertisement
সংসদ প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রায় ৫ হাজার বিদেশি বিশেষজ্ঞ ও দক্ষ শ্রমিক কর্মরত আছেন। এছাড়া ১ হাজার ৩৩৬ জন বাংলাদেশি বিজ্ঞানী, প্রকৌশলী ও প্রযুক্তিবিদ রাশিয়ান ঠিকাদারের মাধ্যমে রাশিয়ান ফেডারেশন ও রূপপুর এনপিপি প্রশিক্ষণ কেন্দ্রে আন্তর্জাতিকমানের প্রশিক্ষণ গ্রহণ করেছেন। মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জেনারেল কনট্রাক্টের আওতায় আন্তর্জাতিকমানের একটি পূর্ণাঙ্গ ট্রেনিং সেন্টার স্থাপন করা হয়েছে। বর্তমানে ফুল স্কেল সিম্যুলেটরসহ অন্যান্য সব সহায়ক কারিগরি যন্ত্রপাতি নিয়ে প্রশিক্ষণ কেন্দ্রটি কার্যক্রম পরিচালনা করছে। ট্রেনিং সেন্টারের প্রশিক্ষক হিসাবে বাংলাদেশি কর্মকর্তা, প্রকৌশলী এবং কারিগরি কর্মী রাশিয়া হতে সরাসরি প্রশিক্ষণ নিয়েছেন।
২০৩০ সালের মধ্যে ১ কোটি ৬১ লাখ পরিবার পাচ্ছেন ফ্যামিলি কার্ড : ঢাকা-১৮ আসনের সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের এক প্রশ্নের জবাবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, দেশের নিম্নআয়ের ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে ২০২৯-৩০ অর্থবছরের মধ্যে ১ কোটি ৬১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড কর্মসূচির অধীনে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এই মহাপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসাবে চলতি ২০২৬-২৭ অর্থবছরেই দেশব্যাপী ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মাঠপর্যায়ে প্রকৃত উপকারভোগী নির্ধারণে দেশজুড়ে একটি সমন্বিত পরিবার শুমারি পরিচালনা করে আধুনিক ডাটাবেজ তৈরির কাজ শুরু হচ্ছে।
