Logo
Logo
×
   

Advertisement

খবর

জাতীয় সংসদ অধিবেশন

প্রবাসীদের হয়রানি বন্ধে আন্তঃমন্ত্রণালয় কমিটি: প্রবাসী কল্যাণমন্ত্রী

Advertisement

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়ন, ভিসা জটিলতা, বিমানবন্দরে হয়রানি এবং মেডিকেল সেবায় বিদ্যমান সমস্যাগুলো সমন্বিতভাবে সমাধানের জন্য আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া স্বল্প খরচে কর্মী বিদেশে পাঠানোর বিষয়েও কাজ চলছে। মঙ্গলবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি ৭১) নোটিশের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এ তথ্য জানান। এর আগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ-সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা নোটিশটি উত্থাপন করেন।

রুমিন ফারহানা বক্তব্যে বলেন, বিশ্বের অষ্টম বৃহত্তম রেমিট্যান্স গ্রহণকারী দেশ বাংলাদেশ। আমাদের গ্রামীণ অর্থনীতি, রিজার্ভ ও আমদানি ব্যয় মেটানোর মূল উৎস প্রবাসীদের পাঠানো অর্থ। কিন্তু রেমিট্যান্সের আড়ালে থাকা প্রবাসীদের গভীর কষ্টের গল্পগুলো আড়ালেই থেকে যায়। বিদেশে মিশনগুলোয় পাসপোর্ট নবায়ন করতে গিয়ে প্রবাসীরা দীর্ঘসূত্রতা, দালালচক্রের দৌরাত্ম্য এবং অপ্রয়োজনীয় কাগজপত্র দাবিসহ নানা হয়রানির শিকার হন। সময়মতো পাসপোর্ট না পাওয়ায় অনেকের চাকরি ও ভিসা নবায়ন ঝুঁকিতে পড়ে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ২০২৪ সালে রেকর্ডসংখ্যক ৪ হাজার ৮১৩ জন প্রবাসীর মরদেহ দেশে এসেছে। যাদের বেশির ভাগেরই বয়স ৪০ বছরের নিচে। বৈরী পরিবেশে অমানবিক পরিশ্রমের কারণেই তরুণ বয়সে তারা মারা যাচ্ছেন। এছাড়া বিমানবন্দরে হয়রানি, লাগেজ চুরি বন্ধ এবং অভিবাসন ব্যয় ভারত-পাকিস্তানের চেয়ে কমিয়ে আনার দাবি জানান তিনি।

জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, পাসপোর্ট নবায়নের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, বিমানবন্দরে হয়রানি ও লাগেজ চুরি বিমান মন্ত্রণালয়ের এবং ভিসা সংক্রান্ত বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন। তবে প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে সব মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রবাসীদের কল্যাণে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, বিদেশে কোনো কর্মীর মৃত্যু হলে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে মরদেহ দ্রুত দেশে আনা হচ্ছে। বিমানবন্দরে তাৎক্ষণিকভাবে দাফনের জন্য ৩৫ হাজার টাকার চেক দেওয়া হয়। এছাড়া মৃত প্রবাসীর পরিবারকে ৩ লাখ টাকা এবং অসুস্থ হয়ে ফেরত আসা প্রবাসীদের চিকিৎসায় সর্বোচ্চ ২ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। মরদেহ স্বজনদের কাছে সম্মানের সঙ্গে বুঝিয়ে দিতে বিমানবন্দরে সার্বক্ষণিক প্রবাসী কল্যাণ ডেস্ক নিয়োজিত রয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম