মন্ত্রিসভা কমিটির বৈঠক
যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছর মেয়াদে এলএনজি আমদানির অনুমোদন
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান গুনভর ইউএসএ এলএলসি’র কাছ থেকে সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে স্বল্প ও দীর্ঘমেয়াদে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনীতি বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা যায়, বর্তমানে জিটুজি ভিত্তিতে কাতার, ওমান, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে মোট সাতটি চুক্তির আওতায় বাংলাদেশ এলএনজি আমদানি করছে। তবে দেশের ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি চুক্তির পাশাপাশি স্বল্পমেয়াদি চুক্তির আওতায়ও অতিরিক্ত এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এ কারণে গুনভর ইউএসএ এলএলসি ২০২৬ থেকে ২০৩৯ সাল পর্যন্ত ১৩ বছর মেয়াদে প্রতিবছর ছয়টি এলএনজি কার্গো সরবরাহের প্রস্তাব দিয়েছে। এ প্রস্তাবটি জিটুজি চুক্তির আওতায় প্রক্রিয়াকরণের জন্য নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। প্রস্তাবটি জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ উত্থাপন করে এবং বাস্তবায়ন করবে পেট্রোবাংলা।
জ্বালানি তেল আমদানিতে দরপত্র জমা দেওয়ার সময়সীমা ৪২ দিনের পরিবর্তে ১০ দিন : এছাড়া মন্ত্রিসভা কমিটি সেপ্টেম্বর থেকে ডিসেম্বর সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পরিশোধিত জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র জমা দেওয়ার সময়সীমা ৪২ দিনের পরিবর্তে ১০ দিন নির্ধারণের নীতিগত অনুমোদন দিয়েছে।
বর্তমান আন্তর্জাতিক বাজার পরিস্থিতিতে দীর্ঘ সময়ের দরপত্র প্রক্রিয়ার কারণে সরবরাহকারীরা ঝুঁকি প্রিমিয়াম যুক্ত করে বেশি দর প্রস্তাব করতে পারে। একই সঙ্গে স্থির মূল্যে দর দিতে তারা অনাগ্রহী হয়ে পড়ে। এতে প্রতিযোগিতামূলক বাজার দরে জ্বালানি তেল সংগ্রহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এ প্রেক্ষাপটে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং প্রতিযোগিতামূলক মূল্যে ক্রয়ের সুযোগ বজায় রাখতে দরপত্র প্রস্তুত ও জমা দেওয়ার সময় ৪২ দিনের পরিবর্তে ১০ দিন নির্ধারণের নীতিগত অনুমোদন চাওয়া হয়। অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে।
মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে নীতিগত অনুমোদন : এছাড়া কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ টার্মিনাল স্থাপনের লক্ষ্যে চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের দাখিল করা প্রস্তাব সরকার থেকে সরকার পদ্ধতিতে প্রক্রিয়াকরণের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ প্রস্তাবটি উত্থাপন করে।
