Logo
Logo
×
   

Advertisement

খবর

জাতীয় সংসদ অধিবেশন

২০২৭ সাল থেকে পাঠ্যবইয়ে থাকবে জুলাই গণহত্যার নানা বিষয় : শিক্ষামন্ত্রী

Advertisement

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান, জুলাই-আগস্টের গণহত্যা এবং শেখ হাসিনা সরকারের শাসনামলের নানা বিষয় আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে। মঙ্গলবার জাতীয় সংসদে রোকেয়া বেগমের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রীর অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রশ্নের জবাব দেন। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সভাপতিত্ব করেন। মন্ত্রী বলেন, নবম-দশম শ্রেণির ‘বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা’ পাঠ্যপুস্তকেও আওয়ামী লীগের শাসনামলের বিভিন্ন ঘটনা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মাদ্রাসায় ‘মিড ডে মিল’ এর পরিকল্পনা : মো. শওকতুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মাধ্যমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ২০২৬-৩১ সময়ে দেশের সব মাদ্রাসায় ‘মিড ডে মিল’ চালুর পরিকল্পনা রয়েছে। এতে এবতেদায়ি মাদ্রাসাও অন্তর্ভুক্ত থাকবে।

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আপাতত সরকারিকরণ নয় : রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১ হাজার ৮৭৩টি। এসব বিদ্যালয় সরকারিকরণের কোনো পরিকল্পনা আপাতত নেই।

প্রাথমিকে ঝরে পড়ার হার ১৬ দশমিক ২৫ শতাংশ : সালাহ উদ্দিনের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে প্রাথমিক স্তরে শিক্ষার্থী ঝরে পড়ার হার ১৬ দশমিক ২৫ শতাংশ। ঝরে পড়া কমাতে ‘স্কুল ফিডিং’, উপবৃত্তিসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকার। তিনি বলেন, সারা দেশের ১৫০টি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল ফিডিং’ কর্মসূচি চলছে। দ্বিতীয় পর্যায়ে আরও ৩৪৯ উপজেলায় ‘মিড ডে মিল’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

নিবন্ধনের আওতায় ১,৭৮৩ কিন্ডারগার্টেন : ওবায়দল্লাহ সালাফীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চলতি বছরের জুলাই থেকে ১ হাজার ৭৮৩টি কিন্ডারগার্টেন নিবন্ধনের আওতায় এসেছে। তিনি বলেন, দেশের সব কিন্ডারগার্টেন স্কুলকে নিবন্ধনের আওতায় আনার কার্যক্রম চলছে। অনলাইনে আবেদন গ্রহণ ও নিষ্পত্তির মাধ্যমে এ নিবন্ধন দেওয়া হচ্ছে।

প্রাথমিকে অফিস সহকারী দেওয়ার প্রস্তাব : নজরুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহকারী না থাকায় শিক্ষকদের ওপর দাপ্তরিক কাজের চাপ পড়ে। এ কারণে প্রতিটি বিদ্যালয়ে একজন অফিস সহকারী দেওয়ার প্রস্তাব রয়েছে।

চাহিদা ও সক্ষমতা যাচাই করে শিক্ষাপ্রতিষ্ঠানে ডাবল শিফট : শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, রাজধানী ঢাকাসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একসঙ্গে ‘ডাবল শিফট’ চালু করবে না সরকার। আবেদন ও বাস্তব সক্ষমতা যাচাই-বাছাই করে প্রতিষ্ঠানভিত্তিক এই সিদ্ধান্ত নেওয়া হবে।

ু৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক ১ অক্টোবর যোগদান করবেন: মো. সেলিম রেজার এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নিয়োগের জন্য নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। তিনি বলেন, ৪ অক্টোবর তাদের বিদ্যালয়ে পদায়ন করা হবে।

প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের উদ্যোগ: একই প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান শিক্ষক পদে পদোন্নতির জন্য ৩৬ হাজার ৯৬০টি পদ শূন্য রয়েছে। হাইকোর্ট বিভাগে দায়েরকৃত মামলাটি নিষ্পত্তি হওয়ায় পদোন্নতিযোগ্য প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের কার্যক্রম চলমান রয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম