Logo
Logo
×
   

Advertisement

খবর

ট্রাকচাপায় গৃহবধূ নিহত স্বামী-সন্তান হাসপাতালে

কুমিল্লায় বাস খাদে শেবাচিমের ২৪ শিক্ষার্থী আহত * বিএনপি নেতাসহ পাঁচ স্থানে ঝরল আরও ৭ প্রাণ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দিনাজপুরের বিরামপুর উপজেলায় স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাক চাপায় গৃহবধূ রুমি আক্তারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর শহরে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া দুর্ঘটনায় পাঁচ স্থানে আরও সাতজন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ফরিদপুরে দুই বাইক আরোহী, ময়মনসিংহে নারীসহ দুজন, নাটোরে বিএনপি নেতা, নেত্রকোনায় মোটরসাইকেল চালক এবং নওগাঁয় শিশু রয়েছে। কুমিল্লায় বাস খাদে পড়ে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২৪ শিক্ষার্থী আহত হয়েছেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

বিরামপুর (দিনাজপুর) : নিহত রুমি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জগন্নাথপুর এলাকার মাহমুদুল হাসানের স্ত্রী। একটি দাওয়াত শেষে দুপুরে স্বামীর মোটরসাইকেলে দুই সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন রুমি। বিরামপুর জনতা ব্যাংকের সামনে একটি পিকআপ মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা চারজনই সড়কে ছিটকে পড়েন। এ সময় গোবিন্দগঞ্জগামী ট্রাক রুমিকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই রুমির মৃত্যু হয়। বর্তমানে মাহমুদুল ও তাদের দুই সন্তান আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

ভাঙ্গা (ফরিদপুর) : ভাঙ্গায় বাসের নিচে মোটরসাইকেল ঢুকে পড়ে দুই আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার রাত ৯টায় ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা এলাকায় চাঁপা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-পটুয়াখালীর সুমখালী এলাকার আব্দুর রবের ছেলে আনিসুর রহমান ও বরিশালের গোরনদী এলাকার দিয়াশুর গ্রামের ফরিদ হাওলাদারের ছেলে সালাউদ্দিন। নিহতরা একটি মোটরসাইকেলে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন।

ত্রিশাল (ময়মনসিংহ) : ত্রিশালে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। মঙ্গলবার সকালে বাস চাপায় গৃহবধূ মার্জিয়া খাতুনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ধানীখোলা ইউনিয়নের চরকুমারিয়া তামিম মিয়ার স্ত্রী। ত্রিশাল পৌরসভার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ইউটার্নে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। অপরদিকে ত্রিশাল থানাধীন বৈলর ইউনিয়নের সম্মুখ বৈলর দারুত তাক্কওয়া হিফজ মাদ্রাসার সামনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় যুবক শহিদুল নিহত হয়েছেন। তিনি পার্শ্ববর্তী ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

লালপুর (নাটোর) : লালপুরে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মুস্তাফিজুর রহমান আনের মৃত্যু হয়েছে। মোস্তাফিজ উপজেলার গোপালপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ঠিকাদার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি সোমবার উপজেলার ছয় রাস্তা মোড়ে দুর্ঘটনার কবলে পড়েন।

নেত্রকোনা : পূর্বধলায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক বৃদ্ধ গণেশ চন্দ্র সরকারের প্রাণ গেছে। সোমবার রাতে উপজেলার হোগলা বাজারে নাজিম উদ্দিন খার করাতকলের সামনে এ দুর্ঘটনা ঘটে। গণেশ চন্দ্র হোগলা বাজার এলাকার মৃত নিখিল চন্দ্র সরকারের ছেলে।

নওগাঁ : মান্দায় ভটভটির ধাক্কায় সিয়াম নামে সাত বছরের শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। সিয়াম রামনগর দক্ষিণপাড়া গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে এবং সে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

কুমিল্লা : কক্সবাজারে শিক্ষা সফরে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। মঙ্গলবার রাতে মহাসড়ের উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শেরেবাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সোমবার রাতে সেন্টমার্টিন পরিবহণের ৪টি বাস নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। দুর্ঘটনাকবলিত বাসটিতে ৪০ শিক্ষার্থী ছিলেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম