যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক হত্যা
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর যাত্রাবাড়ীতে মো. রাব্বী (২৫) নামে এক যুবককে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ছনটেক প্রধান সড়কের ‘স্বপ্ন’ সুপার শপের সামনের রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। রাব্বী কুমিল্লার মুরাদনগরের নেওয়াগাঁও গ্রামের হারুনুর রশিদের ছেলে। তিনি যাত্রাবাড়ীর গোবিন্দপুর আল মদিনা গলিতে থাকতেন।
খবর পেয়ে যাত্রাবাড়ী থানার এসআই অতনু দে নিহতের লাশ উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের বুকের বামপাশে ধারালো অস্ত্রের গুরুতর জখম রয়েছে।
এ বিষয়ে এসআই অতনু দে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-অজ্ঞাত দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে। হামলার পর রাব্বী রক্তাক্ত অবস্থায় দৌড়ে পালিয়ে বাঁচার চেষ্টা করেন। তবে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি রাস্তায় ঢলে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘাতকদের শনাক্তের চেষ্টা চলছে।
