যুবদল নেতার নাম ব্যবহার করে পোস্টার
‘চেয়ারম্যান হলে ঘরে ঘরে গাঁজা ইয়াবা ফ্রিতে দিব’
Advertisement
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কোম্পানীগঞ্জ উপজেলায় ‘আমি চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে গাঁজা-ইয়াবা ফ্রিতে দিব’ এমন ঘোষণা সম্বলিত পোস্টারে ছেয়ে গেছে পুরো ইউনিয়ন। এসব পোস্টারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে নানা প্রতিক্রিয়া দেখিয়েছেন নেটিজেনরা। সোমবার রাতে উপজেলার সিরাজপুরে এমন পোস্টার লাগানোর ঘটনা ঘটে। তবে পোস্টারে ছবি ও নাম থাকা যুবদল নেতা খোকনের দাবি, এসব তার বিরুদ্ধে জামায়াতের ষড়যন্ত্র।
দেওয়ালে দেওয়ালে লাগানো ওই পোস্টারে লেখা, ‘আসন্ন ১নং সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি গাঁজার ডিলার (খোকন) চেয়ারম্যান প্রার্থী হয়েছি। কথা দিচ্ছি, আমি চেয়ারম্যান হিসাবে জয়ী হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা দিব।’ পোস্টারে ‘বেকারদের জনা গাঁজা ভাতা, মাদকসেবীদের জন্য বিশেষ কার্ড, স্কুল-কলেজের সামনে ফ্রি সাপ্লাই, থানা-পুলিশ আমার ভাই, উন্নয়ন হবে, আগে চাঁদা হবে’ এমন স্লোগান লেখা।
পোস্টারে থাকা সিরাজপুর ওয়ার্ড যুবদলের সভাপতি খোকন বলেন, ৫ দিন আগে আমার ছেলেকে চড় মারে ইউনিয়ন জামায়াতের আমির হাসেমের ছেলে। তা নিয়ে আমি প্রতিবাদ করি। মামলা করার প্রস্তুতি নিয়েছি। তা দেখে তারা আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। সিসিটিভি ফুটেজ নিচ্ছি, জড়িতদের বিরুদ্ধে মামলা করব।
কোম্পানীগঞ্জ থানার ওসি নুরুল হাকিম বলেন, ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। সত্যতা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
