সিকৃবিতে দুই শিক্ষার্থীর ওপর ছাত্রদলের হামলা
তদন্তে সাত সদস্যের কমিটি
Advertisement
সিকৃবি প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সমিতির নির্বাচন কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) এলাকায় এ ঘটনা ঘটে। মারধরে ওই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবদুর রহমান রাঈদ ও সাফকাত তাসিন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে রাঈদকে সিলেট ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সাফকাত তাসিন জানান, দুপুর সাড়ে ১২টার পর শাহপরাণ হলের সামনে থেকে প্রশাসনিক ভবনের দিকে যাওয়ার সময় ১০-১৫ জন তাকে ঘিরে ধরে। একপর্যায়ে ছাত্রদলের রাজেস তার (সাফকাত) কলার ধরে আর সাহস নামে আরেকজন তাকে ঘুষি মারতে শুরু করে। এটা দখে রাইদ ও আশরাফ নামে দুই ছাত্র এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয়। একপর্যায়ে রাইদের মুখ থেকে রক্ত বের হতে থাকে। পরে তাকে অটোরিকশায় করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখান থেকে মেডিকেল কলেজে পাঠানো হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদাল শাখার সদস্য রাজেশ বাছাড়। তিনি বলেন, ‘ফ্যাকাল্টির সিনিয়র-জুনিয়রদের ভ্রাতৃত্বের সম্পর্ক নষ্ট করার লক্ষ্যে আশরাফের নেতৃত্বাধীন একটি গ্রুপ কয়েক দিন ধরে তৎপরতা চালাচ্ছিল। এর জেরে ১৫ সেপ্টেম্বর তারা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় এবং বর্তমান ভিপিকে অপমান করে। তাকে কক্ষ থেকে বের হয়ে যেতে বলে। এই বিষয়টি জানতে এবং একটি সমঝোতায় আসার জন্য বৃহস্পতিবার তাদের বসার আহ্বান জানানো হলে নিহাল আমাদের দিকে তেড়ে আসে। সিনিয়ররা তাকে থামাতে গেলে রাঈদ পেছন থেকে সিনিয়রদের গায়ে হাত তোলে। বাঁধা দেওয়ার সময় রাঈদ রাস্তায় পড়ে যায়।’ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সানাউল হোসেন জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তবে বিশ্ববিদ্যালয়ে ঝামেলার খবর পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এ টি এম মাহবুব-ই-এলাহী বলেন ‘ঘটনার সুষ্ঠু তদন্তে ডিনের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রতিবেদন জমা দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
