Logo
Logo
×
   

Advertisement

খবর

জবি ছাত্রদলের দুই গ্রুপে ফের সংঘর্ষ

Advertisement

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের সদস্য সচিব সামছুল আরেফিন এবং যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের একপর্যায়ে আরেফিন ও তার অনুসারীরা ধাওয়া খেয়ে ক্যাম্পাস ছেড়ে পালিয়েছে বলে দাবি অনিকের।

এ বিষয়ে জবি প্রক্টর অধ্যাপক আজম খান বলেন, ‘নাহিয়ান বিন হক অনিক অভিযোগ দিয়েছেন। আমরা সবকিছু পর্যবেক্ষণে রেখেছি এবং কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পাশের ভিক্টোরিয়া পার্কের গেটসংলগ্ন এলাকায় সংঘর্ষের সূত্রপাত। জানা যায়, পার্কের গেটের পাশে একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় অনিক গ্রুপের ওপর আরেফিনের অনুসারীরা রড নিয়ে হামলা চালায়। পরে তারা পালটা ধাওয়া দিলে আরেফিনসহ তার অনুসারীরা ক্যাম্পাসের দিকে চলে যায়। সংঘর্ষের পেছনে সম্প্রতি আরেফিনের উদ্যোগে আয়োজিত এক পাঠচক্র ঘিরে বিরোধের বিষয়টি সামনে এসেছে। ১৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক ভবনে ‘শিক্ষা ভাবনা, ওরিয়েন্টালিজম এবং চিন্তার মৌলিকত্ব’ শীর্ষক পাঠচক্র আয়োজন করেন আরেফিন। এ নিয়ে সামাজিক মাধ্যমে অনিক একটি সমালোচনামূলক পোস্ট দেন। পরে তা মুছে ফেলা হয়। ওই পোস্ট কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ক্ষোভ তৈরি হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে অনিক বলেন, ‘ভিক্টরিয়া পার্কে আমরা প্রথমে হামলার শিকার হই। পরে আত্মরক্ষার্থে রড নিয়ে আমরা তাদের ধাওয়া দেই। ধাওয়া খেয়ে আরেফিনসহ তার কর্মীরা ক্যাম্পাস থেকে পালায়। হামলাকারীদের অনেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী না। হুমকির বিষয়টি আগেই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছিল।’

এ বিষয়ে জানতে আরেফিনের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি কল কেটে দেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম