ধর্ষণের সংবাদ প্রকাশ
কচুয়ায় সাংবাদিক ও তার শিশুকন্যার ওপর হামলা
Advertisement
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চাঁদপুরের কচুয়ায় ধর্ষণের অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক নাসির উদ্দিন ও তার শিশুকন্যা সাফা মারওয়ার ওপর হামলা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার নন্দনপুর পশ্চিম বাজারের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিককে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ৩ জুলাই কচুয়ার পূর্ব আলীয়ারা গ্রামে সুমন পাটোয়ারী নামের এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর সুমন এলাকা ছেড়ে চলে যায় বলে স্থানীয়রা জানান। এ ঘটনায় সাংবাদিক নাসির উদ্দিনসহ অন্যরা সংবাদ প্রকাশ করেন। ওই সংবাদ প্রকাশের জেরে সোমবার সন্ধ্যায় নন্দনপুর পশ্চিম বাজার এলাকায় নাসির মোটরসাইকেলযোগে যাওয়ার সময় তার পথরোধ করা হয়। এ সময় সুমনসহ কয়েকজন তার ওপর হামলা চালায়। এতে নাসির ও তার সঙ্গে থাকা শিশুকন্যা আহত হয়। পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর নাসিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সাংবাদিকরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, সাংবাদিক নাসির উদ্দিনের ওপর হামলার ঘটনায় অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় নাসিরের পরিবারের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।
নাছির দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও চ্যানেল এস এর কচুয়া উপজেলা প্রতিনিধি।
