Logo
Logo
×
   

Advertisement

খবর

ঈশ্বরগঞ্জে শিক্ষকের বিচার দাবিতে স্কুলে তালা

Advertisement

Icon

ঈশ্বরগঞ্জ (ময়মনসিং) প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ঈশ্বরগঞ্জের কুমারুলী উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের আপত্তিকর ও অশোভন আচরণ করার ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও বিক্ষুব্ধ লোকজন বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেন। সরেজমিন দেখা যায় বিদ্যালয়ের মেইন গেটসহ প্রতিটি ক্লাসরুম ও প্রধান শিক্ষকের অফিস কক্ষে তালা ঝুলতে।

জানা যায়, ওই বিদ্যালয়ের শিক্ষক খালেকুজ্জামান বিদ্যালয়ের পাশে কুমারুলী বাজারে তার নিজস্ব একটি কক্ষে শিক্ষার্থীদের প্রতিদিন প্রাইভেট পড়ান। বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানোর সময় তার সঙ্গে আপত্তিকর আচরণ করেন। গত ২০ সেপ্টেম্বর বিষয়টি তার পরিবারকে জানানোর পর প্রধান শিক্ষকসহ স্থানীয় নেতাদের পরিবারের পক্ষ থেকে বিষয়টি অবহিত করা হয়। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিদ্যালয়ে প্রথম ঘণ্টা শেষ হওয়ার পর স্থানীয় লোকজন, অভিভাবকরা বিদ্যালয়ে এসে এ ঘটনার বিচার দাবি করেন। বিদ্যালয়ের প্রধান ফটকসহ অফিসকক্ষ ও ক্লাসরুমে তালা ঝুলিয়ে দেন।

খবর পেয়ে মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মো. আসাদুজ্জামান ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিদ্যালয়ের তালা খুলে ও প্রধান শিক্ষককে ডেকে এনে বিষয়টির বিস্তারিত শুনে এবং অভিযুক্ত শিক্ষককে ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিদ্যালয়ে আসতে নিষেধ করেছেন। এবং প্রধান শিক্ষক ও শিক্ষার্থীর অভিভাবককে ইউএনও-এর কাছে এ বিষয়টি লিখিত অভিযোগ করতে পরামর্শ দেন ।

প্রধান শিক্ষক চান মিয়া জানান, বিষয়টি জানার পর তিনি অফিস সহকারীকে শিক্ষার্থীর বাড়িতে পাঠিয়ে ঘটনা সত্যতার প্রমাণ পাওয়ার কথা জানান।

এই বিষয়ে অভিযুক্ত শিক্ষক খালেকুজ্জামানের সঙ্গে কথা হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, ষড়যন্ত্রমূলকভাবে আমাকে হয়রানি করার উদ্দেশ্যে এমন অভিযোগ তোলা হচ্ছে।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. হায়দার আলী জানান, বিদ্যালয়ে তালা ঝুলানো এবং শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি আমাকে প্রধান শিক্ষক অবহিত করেছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম