জালালাবাদ গ্যাসে দুদক
৮০ লাখ টাকা আত্মসাতের নথি জব্দ
Advertisement
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জালালাবাদ গ্যাস টিঅ্যান্ডডি সিস্টেমস লিমিটেড (জেজিটিডিএসএল)-এর প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় প্রায় ৮০ লাখ টাকা আত্মসাৎ ও গ্রাহক বিল জালিয়াতির সুনির্দিষ্ট নথিপত্র জব্দ করা হয়। অভিযানে রাজস্ব সফটওয়্যারের সিস্টেমে গরমিল, অনিয়মিত পোস্টিং এবং ব্যাংক স্টেটমেন্ট সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ফাইল ও আলামত জব্দ করে দুদক।
অভিযান ও উদ্ধার করা নথি প্রসঙ্গে দুদক সিলেটের সহকারী পরিচালক সুবেল আহমদ যুগান্তরকে বলেন, নথিপত্র যাচাইয়ের পর ব্যবস্থা নেওয়া হবে।
কোম্পানির দাপ্তরিক তদন্ত প্রতিবেদন সূত্র অনুযায়ী, রেভিনিউ সফটওয়্যারের ‘ভুয়া পোস্টিং’ ও ব্যাংক স্টেটমেন্টে ব্যাপক গরমিল ধরা পড়ে। ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত এই অনিয়ম ঘটে।
প্রতিবেদনে আরভিডি হবিগঞ্জ জোনের ব্যবস্থাপক মো. ছয়ফুল আলম এবং আবিকা ছাতকের সহকারী ব্যবস্থাপক মো. আশফাকুর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের তথ্য উঠে আসে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, শাহজালাল সিএনজি ফিলিং স্টেশন, ড্রাইভার রেস্টুরেন্ট, লাঞ্চ সেমাই ফ্যাক্টরিসহ বিভিন্ন সিএনজি, বাণিজ্যিক ও আবাসিক গ্রাহকের ক্ষেত্র থেকে মোট ৯১ লাখ ৮৯ হাজার ৮২০ টাকা আত্মসাৎ করা হয়। ইতোমধ্যে ৫০ লাখ ৬০ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়েছে। অবশিষ্টাংশ আদায়ের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সফটওয়্যারের নিরাপত্তার স্বার্থে ভবিষ্যতে আউটসোর্সিং কর্মচারীদের রাজস্ব বিভাগে সম্পৃক্তকরণ স্থায়ীভাবে বন্ধসহ জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থার সুপারিশ করেছে এই তদন্ত কমিটি।
