ফ্যামিলি ও কৃষক কার্ড নিয়ে চাঁদাবাজি করলে ডাবল মামলা: ডেপুটি স্পিকার
Advertisement
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রীর একটি বড় প্রকল্প। নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী এটি বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা চাঁদাবাজি করা যাবে না। চাঁদাবাজি করলে দয়া করে দল থেকে চলে যান। কেউ ফ্যামিলি ও কৃষক কার্ড নিয়ে চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে ডাবল (দ্বিগুণ) মামলা দেওয়া হবে।
রোববার নেত্রকোনার কলমাকান্দা উপজেলা হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় ডেপুটি স্পিকার এ হুঁশিয়ারি দেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ আল মামুন, থানার ওসি মোহাম্মদ সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়াসহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী ও বজ পাতে নিহতদের পরিবারের সদস্যসহ শিক্ষার্থীদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, কলমাকান্দায় ফ্যামিলি কার্ডের তালিকা তৈরিতে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে। প্রকৃত দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের অগ্রাধিকার দিয়ে তালিকা তৈরির আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, যার ঘর নেই, ছাপড়া ঘরে থাকেন-তাদের দিয়ে আগে শুরু করবেন। তথ্য সংগ্রহকারীরা যার ঘর আছে, বসার সুযোগ আছে, তার বাড়িতে গিয়ে চা-নাশতা খেয়ে তার নাম আগে লিখেছেন। দয়া করে আপনারা কেউ স্বজনপ্রীতি করবেন না। এটা করলে চৌদ্দ শিকের ভেতরে ঢুকাব।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, যুগ যুগ ধরে তিনি দেখে আসছেন, তাদের মধ্যে অপরাধপ্রবণতা খুব কম। তাই তাদের জন্য কাজ করতে তিনি প্রধানমন্ত্রীর কাছে বারবার অনুরোধ করেছেন। তিনি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বিভিন্ন ক্ষেত্রে সংকট রয়েছে। তাদের জন্য কাজ করার চেষ্টা করছেন তিনি। তাদের তালিকা তৈরিতেও যেন কোনো অনিয়ম না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
