ইলিশ শিকারে নিষেধাজ্ঞা আজ থেকে ২২ দিন
পদ্মা-মেঘনাসহ বরিশাল চাঁদপুরের নদীতে মাছ ধরা, ক্রয়-বিক্রয় ও পরিবহণ বন্ধ * অভিযানে প্রস্তুত প্রশাসন
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মা ইলিশের প্রজনন নিরাপদ করতে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এ সময় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহণ নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা সফল করতে বরিশাল ও চাঁদপুরে প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ব্যুরো ও প্রতিনিধির পাঠানো খবর-
বরিশাল : বুধবার বরিশাল সার্কিট হাউজে প্রস্তুতিমূলক সভায় জানানো হয়, ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা চলবে। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান। তিনি বলেন, নিষেধাজ্ঞার সময়ে কেউ যাতে অবৈধভাবে মাছ শিকার, পরিবহণ ও মজুত করতে না পারে, সে জন্য কঠোর নজরদারি থাকবে। একই সঙ্গে নিষেধাজ্ঞার আওতাভুক্ত জেলেদের দ্রুত সরকারি সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে।
বরিশালে মেঘনা, আড়িয়াল খাঁ, কীর্তনখোলা, গজারিয়া, তেঁতুলিয়া ও সন্ধ্যা নদীতে অভিযান চালানো হবে। ইলিশের অভয়াশ্রমের প্রায় ৮২ কিলোমিটার এলাকায় বিশেষ নজরদারি থাকবে। অভিযানের জন্য দুটি লঞ্চ, তিনটি স্পিডবোট, উপজেলাপর্যায়ে স্পিডবোট ও ট্রলার প্রস্তুত রাখা হয়েছে। নৌবাহিনীর জাহাজ বরিশালে এসেছে। প্রস্তুত রয়েছে নৌপুলিশ ও কোস্টগার্ডও। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অভিযানে যুক্ত করার আদেশ দেওয়া হয়েছে।
বরিশাল জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ৮৫ হাজার ২৯৫ জন। এর মধ্যে ৭৯ হাজার ৮৯০ জন ভিজিএফ সুবিধার আওতায় রয়েছেন। জেলায় বছরে প্রায় ১ লাখ ২ হাজার টন মাছ উৎপাদন হয়। এর মধ্যে ইলিশ প্রায় ৩৭ হাজার টন।
চাঁদপুর ও মতলব : চাঁদপুরের পদ্মা-মেঘনার ৭০ কিলোমিটার এলাকায় আজ রাত ১২টা থেকে ২৯ অক্টোবর রাত ১২টা পর্যন্ত নিষেধাজ্ঞা থাকবে। এ সময় নৌকা ও জাল গুটিয়ে ডাঙায় তুলছেন জেলেরা। কেউ নৌকা মেরামত করছেন, কেউ জাল সংস্কার করছেন।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, অভয়াশ্রমে নিয়মিত অভিযান চালানো হবে। আইন অমান্যকারীদের আইনের আওতায় আনা হবে। চাঁদপুরে নিবন্ধিত ৪১ হাজার জেলেকে ইতোমধ্যে ২৫ কেজি করে চাল দেওয়া হয়েছে।
চাঁদপুরের জেলেরা নিষেধাজ্ঞার সময়ে খাদ্য সহায়তার পাশাপাশি নগদ আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, মৌসুমি জেলেদের নিয়ন্ত্রণ না করলে নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর করা কঠিন।
