বরগুনায় অপরাধীদের ছাড় নয়: চিফ হুইপ
Advertisement
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বরগুনায় চাঁদাবাজি, ভূমিদস্যুতা, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ-সদস্য নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, ‘অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা করা যাবে না, কাউকে ছাড় দেওয়া যাবে না। একই সঙ্গে উন্নয়ন প্রকল্পে অনিয়ম বন্ধ করে সরকারি বরাদ্দের স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে।’
শনিবার বরগুনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নবিষয়ক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।
জেলা প্রশাসক তাছলিমা আক্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বরগুনা-১ আসনের সংসদ-সদস্য মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান ওয়ালি উল্লাহ অলি। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির সদস্য সচিব মো. হুমায়ুন হাসান শাহীন এবং পাবলিক প্রসিকিউটর মো. নুরুল আমীন প্রমুখ।
সভায় চিফ হুইপ বলেন, ‘সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং হয়রানিমুক্ত সরকারি সেবা দেওয়া প্রশাসনের দায়িত্ব। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসন, পুলিশ ও অন্য বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’
পরে বরগুনার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে তিনি বলেন, ‘বরগুনার বামনা, বেতাগী ও পাথরঘাটা উপজেলাসহ জেলার সর্বত্র সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক ও জনবল সংকট নিরসন করতে হবে। একই সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং চিকিৎসাসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে।’
