Logo
Logo
×
   

খবর

সন্তান পরীক্ষার্থী হলে কেন্দ্র সচিব হতে মানা

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২১ জানুয়ারি ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কেন্দ্রে পরীক্ষার্থী হিসেবে নিজের সন্তান থাকলে কেন্দ্র সচিব হতে পারবেন না কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান। আসন্ন এসএসসি ও দাখিলের ভোকেশনাল বিভাগের পরীক্ষা কেন্দ্রের ক্ষেত্রে এ নিয়ম করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বাকাশিবো)। বোর্ডের সচিব নায়েব আলী মণ্ডল এ তথ্য জানিয়েছেন। শনিবার দুপুরে রাজশাহী অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়কালে সচিব তাদের এ তথ্য জানান। তিনি বলেন, শুধু সন্তানই নয়- স্ত্রী কিংবা স্বামী পরীক্ষার্থী হলেও হওয়া যাবে না কেন্দ্র সচিব। এ ক্ষেত্রে জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রতিষ্ঠানের অন্য কোনো শিক্ষক কেন্দ্র সচিব বা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

বোর্ড সচিব বলেন, পরীক্ষা হলে একমাত্র কেন্দ্র সচিব নিজের কাছে মুঠোফোন রাখতে কিংবা ব্যবহার করতে পারবেন। অন্য কেউ মুঠোফোন কাছে রাখতে পারবেন না। তিনি জানান, পরীক্ষার্থীরা ঘড়ি ব্যবহার করতে পারবে না। এ জন্য প্রতিটি কক্ষে ঘড়ি রাখার জন্য কেন্দ্র সচিবদের নির্দেশনা দেন তিনি। রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসিমা খাতুন।

সভাপতিত্ব করেন, বাকাশিবোর সচিব নায়েব আলী মণ্ডল।

মতবিনিময় সভায় রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও সিরাজগঞ্জের ৯৪টি কেন্দ্রের সচিবরা উপস্থিত ছিলেন। রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ ওমর ফারুক রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন। আর সভা সমন্বয় করেন বাকাশিবোর উপপরীক্ষা নিয়ন্ত্রক (বিএম) আবদুল হান্নান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম