Logo
Logo
×
   

খবর

জেলা প্রশাসনের ৩ সদস্যের তদন্ত কমিটি

স্থানীয় প্রশাসনের অবহেলায় সাদা পাথর লুট : দুদক

Icon

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্থানীয় প্রশাসনের অবহেলায় সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটনকেন্দ্র থেকে পাথর লুট হয়েছে। বুধবার দুপুরে এ মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন সিলেটের উপপরিচালক রাফী মোহাম্মদ নাজমুস সাদাত। এদিন তার নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল লুট হওয়া পাথরের তদন্ত করতে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি আরও বলেন, দর্শনীয় স্থানগুলোর মধ্যে ভ্রমণপিপাসু মানুষের পছন্দের শীর্ষে রয়েছে এই পর্যটনকেন্দ্র।

পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের আরও বলেন, প্রধান কার্যালয়ের নির্দেশনায় তদন্ত করতে এসেছি। তদন্তে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের সুস্পষ্ট আলামত মিলেছে। পাথর লুটপাটে স্থানীয় প্রশাসনের দায় সবচেয়ে বেশি। পর্যটন খাতের এমন ক্ষতির ঘটনায় প্রশাসনের যোগসাজশ আছে কিনা, সেটি নিয়েও দুদক খোঁজ নিচ্ছে। যারা জড়িত তাদের চিহ্নিত করে কেন্দ্রীয় কার্যালয়ে তদন্ত প্রতিবেদন পাঠানো হবে। দুদক প্রতিনিধিদল জানিয়েছে, তদন্তে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর জড়িতদের বিরুদ্ধে দ্রুত চার্জশিট দাখিল করা হবে। ভোলাগঞ্জ এলাকায় নিয়মিত মনিটরিং চালু এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে স্থানীয় প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

এছাড়াও সাদা পাথর লুটপাটের ঘটনায় জেলা প্রশাসন ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। পর্যটন সেলের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহকে এ কমিটির প্রধান করা হয়েছে। কমিটিতে বিভাগীয় পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মো. ফেরদৌস আনোয়ার ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহারকে সদস্য করা হয়েছে। কমিটিকে ১৭ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শাস্তি দাবি বাপার : সিলেট ব্যুরো জানায়, সাদা পাথরসহ সিলেটের কয়েকটি স্পট থেকে অবৈধভাবে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। পাশাপাশি এসব স্থানের পরিবেশ রক্ষার দাবিতে বুধবার বিকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বাপা সিলেটের সভাপতি জামিল আহমেদ চৌধুরী। শুরুতেই সংগঠনের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক কাসমির রেজা।

বক্তব্য রাখেন, সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বাপা সিলেটের সহসভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাপা সিলেটের সহসভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, সুনামগঞ্জ সমিতি সিলেটের সভাপতি অ্যাডভোকেট মোজাক্কির হোসেন কামালী, বাপা সিলেটের সহসভাপতি অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহাদাত চৌধুরী প্রমুখ। এ সময় বক্তারা বলেন, মাত্র কয়েক মাসে একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে এসব পর্যটন স্পট থেকে শত শত কোটি টাকার বালু ও পাথর লুট করেছে। কয়েকটি পর্যটন স্পট থেকে দিনদুপুরে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে। দুষ্কৃতকারীরা শুধু পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করছে না, এরা পর্যটনকেন্দ্র ধ্বংস করে স্থানীয় অর্থনীতি ও হাজারো মানুষের জীবিকা ধ্বংস করেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম