সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া অনুমোদিত না: স্পিকার
Advertisement
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় সংসদ অধিবেশনে দেখে দেখে বক্তব্য দেওয়া অনুমোদিত নয় বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। না দেখে সংসদ-সদস্যদের বক্তব্য দেওয়ার অভ্যাস করার অনুরোধ করেন তিনি। রোববার জাতীয় সংসদে জামায়াতের সংসদ-সদস্য মাসুদ বিন সাঈদী ও ইসলামী আন্দোলনের সংসদ-সদস্য অলি উল্লাহর উদ্দেশে স্পিকার একথা বলেন। এর আগে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে দুজন কাগজ দেখে দেখে পুরো বক্তব্য দেন।
মাসুদ বিন সাঈদীকে উদ্দেশ করে স্পিকার বলেন, ‘বিনয়ের সঙ্গে দৃষ্টি আকর্ষণ করছি। সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড (অনুমোদিত) না। আপনি নোট রাখবেন। হাউজের দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন। এটাই আশা করি-এটাই সংসদের রেওয়াজ।’ অলি উল্লাহকে উদ্দেশ করে স্পিকার বলেন, ‘আপনিও আপনার পূর্ববর্তী বক্তার মতো দেখে দেখে পড়েছেন। সংসদে এটা অ্যালাউড (অনুমোদিত) না। সংসদে না দেখে বলার অভ্যাস করেন। এটা সংসদের রেওয়াজ। সবারই মান্য করা উচিত।’
পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ-সদস্য মাসুদ সাঈদী বলেন, পিরোজপুরের মানুষ শত প্রতিকূলতা ডিঙিয়ে তাকে নির্বাচিত করে যে আমানত দিয়েছেন তার সর্বোচ্চ মর্যাদা তিনি আজীবন রক্ষা করবেন। একই সঙ্গে তিনি তার বাবা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর আদর্শকে সমুন্নত রেখে এলাকায় উন্নয়ন ও দেশে ইনসাফ কায়েমের অঙ্গীকার ব্যক্ত করেন। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ শহীদদের স্মরণ করেন। শিক্ষা ও বিচার বিভাগের স্বাধীনতার ওপর জোর দিয়ে তিনি বলেন, দেশে ইনসাফ কায়েম করতে হলে দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতে হবে। সরকারি সুযোগ-সুবিধা ও শুল্কমুক্ত গাড়ি বর্জনের সংস্কৃতিকে তিনি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান জানান।
সংবিধান সংস্কার পরিষদের শপথ বিএনপি না নেওয়ায় জনমনে বিভ্রান্ত তৈরি হয়েছে উল্লেখ্য করে মাসুদ বিন সাঈদী বলেন, ‘জুলাই সনদে বিএনপি বিশ্বাসী কিনা, গণ-অভ্যুত্থানের গণ-আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল কিনা, জনগণের প্রত্যাশা মতো সংবিধান সংস্কার করে নতুন এক বাংলাদেশ বিনির্মাণ করবে কিনা তা জনমনে ঘুরপাক খাচ্ছে।’ আশা করি-গণরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির সংসদ-সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন।
