নামাজে উৎসাহিত করা
৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর
Advertisement
মিরপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পবিত্র রমজান মাসে শিশুদের মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায়ে উৎসাহিত করতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মাসব্যাপী পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করায় মিরপুর এলাকার ৩১৭ জন কোমলমতি শিশুর হাতে পুরস্কার হিসাবে নতুন সাইকেল তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের হাতে এই উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, ‘সাইকেল উপহারটি বড় বিষয় নয়, আমাদের মূল উদ্দেশ্য হলো ছোট-ছোট শিশুদের নামাজের প্রতি অভ্যস্ত করা। এই বয়সে তারা যদি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নামাজে অভ্যস্ত হয়ে যায়, তবে ভবিষ্যতে তারা আর নামাজ ছাড়বে না।’
তিনি আরও জানান, তার নির্বাচনি এলাকার ৪টি ওয়ার্ডের ৬টি মসজিদের মোট ৩১৭ জন শিশুকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। এর মধ্যে ইতঃপূর্বে একটি পর্ব সম্পন্ন হয়েছে এবং আজ শেষ ধাপে ২৪৫ জন শিশুকে সাইকেল প্রদান করা হলো। শিশুদের এই অভ্যাস শুধু রমজান মাসেই সীমাবদ্ধ না রেখে সারা বছর ধরে রাখার জন্য তিনি উপস্থিত অভিভাবকদের প্রতি আহ্বান জানান। এ সময় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার গঠনের এক মাস পূর্ণ হওয়ার আগেই নির্বাচনি ইশতেহার অনুযায়ী কাজ শুরু করেছে।’ তিনি উল্লেখ করেন, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ভাতা এবং খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আগামী ৩০ মার্চ দেশের জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করা হবে।’
