Logo
Logo
×
   

Advertisement

দ্বিতীয় সংস্করণ

সংরক্ষিত নারী আসন নিয়ে টিআইবির বিশ্লেষণ

৪৯ জনের মধ্যে ৩২ জনই কোটিপতি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

৪৯ জনের মধ্যে ৩২ জনই কোটিপতি

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচিতদের প্রায় দুই-তৃতীয়াংশই উচ্চশিক্ষিত ও কোটিপতি। নির্বাচিতদের মধ্যে প্রায় ৬৫ শতাংশ কোটিপতি এবং ৬৩ শতাংশের বেশি স্নাতকোত্তর বা তদূর্ধ্ব শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন। সংখ্যার হিসাবে, ৪৯ জনের মধ্যে ৩২ জনই কোটিপতি। নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া ৪৯ জনের হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরে সংস্থাটি।

সংরক্ষিত আসনের প্রার্থীদের বড় অংশই সম্পদশালী বলে উঠে এসেছে টিআইবির হলফনামা বিশ্লেষণে। মোট ৪৯ প্রার্থীর মধ্যে ৩২ জনই (৬৫ দশমিক ৩১ শতাংশ) স্থাবর ও অস্থাবর সম্পত্তির মোট মূল্যমান অনুযায়ী কোটিপতি। তাদের মধ্যে আবার আলাদাভাবে অস্থাবর সম্পত্তির ভিত্তিতে কোটিপতি ২৫ জন এবং স্থাবর সম্পত্তির ভিত্তিতে কোটিপতি ১৪ জন।

দলীয় ভিত্তিতে কোটিপতির সংখ্যা বিশ্লেষণ করে টিআইবি বলছে, বিএনপির ৩৬ জনের মধ্যে ২৬ জন (৭২ দশমিক ২২ শতাংশ) এবং জামায়াতে ইসলামীর নয়জনের মধ্যে পাঁচজন (৫৬ শতাংশ) কোটিপতি। এছাড়া জাগপা থেকে রয়েছেন একজন, তিনিও কোটিপতি। আর গড় বার্ষিক আয় ১০ লাখ টাকার ওপরে এমন প্রার্থী আছেন ৩৮ দশমিক ৭৮ শতাংশ (১৯ জন); সরাসরি ভোটে সাধারণ আসনে নির্বাচিত সংসদ-সদস্যের মধ্যে এই হার ৬৭ দশমিক ৯ শতাংশ। তবে সার্বিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটে নির্বাচিত ও সংরক্ষিত নারী আসনসহ সব সদস্যের মধ্যে মোট কোটিপতি আছেন ২৬৯ জন, যা শতকরা হিসাবে ৭৭ দশমিক ৩ শতাংশ।

টিআইবির বিশ্লেষণ বলছে, শিক্ষাগত যোগ্যতায় সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা সরাসরি নির্বাচিত সংসদ-সদস্যদের তুলনায় এগিয়ে আছেন। এর মধ্যে স্নাতকোত্তর ও তদূর্ধ্ব ডিগ্রিধারীর হার ৬৩ দশমিক ৩ শতাংশ, যেখানে নির্বাচিত সংসদ-সদস্যদের ক্ষেত্রে এই হার ৫০ দশমিক ৭ শতাংশ। আর সার্বিকভাবে সরাসরি ভোটে নির্বাচিত ও সংরক্ষিত নারী আসনসহ সব সদস্যের মধ্যে ৫২ দশমিক ৬৩ শতাংশই স্নাতকোত্তর ও তদূর্ধ্ব ডিগ্রিধারী। সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মধ্যে ২৭ শতাংশ স্নাতক এবং ৪ দশমিক ১ শতাংশ উচ্চ মাধ্যমিক পাশ। স্বশিক্ষিত প্রার্থীর হার ৪ দশমিক ১ শতাংশ এবং মাধ্যমিক পাশ প্রার্থীর হার ২ দশমিক ১ শতাংশ।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম