বিশেষ কমিটির বৈঠক
মজুত সক্ষমতার ঘাটতিতে জ্বালানি সংকট হয়
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশে মজুতের সক্ষমতার ঘাটতির কারণে নিরবচ্ছিন্ন আমদানিতে বাধা সৃষ্টি হওয়ায় জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে। সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জাতীয় সংসদের বিশেষ কমিটিকে এমন তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। রোববার জাতীয় সংসদে অনুষ্ঠিত বিশেষ কমিটির বৈঠকে এমনটা জানানো হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে কমিটি।
কমিটির সভাপতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মঈনুল ইসলাম খান, মো. নূরুল ইসলাম, মো. আব্দুল বাতেন, মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ) ও মোহাম্মদ আবুল হাসান।
সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশে জ্বালানির সার্বিক বিষয় নিয়ে একটি প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়। চলমান জ্বালানি পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয়ের ওপর পর্যালোচনা করা হয়। কমিটি পরবর্তীতে আরও মিটিং করে প্রয়োজনীয় সুপারিশসহ সংসদে রিপোর্ট প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, আমদানি নিরবচ্ছিন্ন রাখার বিষয়ে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি। সদস্যদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে জানানো হয়, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রাখার সক্ষমতা নেই, যাতে কয়েক মাসের সংকট মোকাবিলা করা যায়। আমদানি নিয়মিত থাকায় সংকট হয়নি। কিন্তু যুদ্ধের কারণে জ্বালানিবাহী জাহাজ অনিয়মিত আশায় সংকট তৈরি হয়েছে। এ কারণে মজুতে ঘাটতি দেখা দেয়, তাই জ্বালানি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ার পরও চাহিদামতো সরবরাহ করা যায়নি।
