প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৫ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া আরও সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কলকারখানাগুলোতে বিনিয়োগে আগ্রহীদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানাগুলোর বর্তমান অবস্থা ও করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরের কর্মকর্তাদের নিয়ে এ বৈঠক আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য অর্জনে বিনিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান আমলাতান্ত্রিক জটিলতা দূর করা জরুরি। বৈঠক সূত্র জানায়, প্রকল্পের চূড়ান্ত অনুমোদন পেতে দীর্ঘ সময় লাগার বিষয়টি আলোচনায় উঠে আসে।
দীর্ঘসূত্রতার কারণে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যায় বলে জানান কর্মকর্তারা। পাশাপাশি বিভিন্ন দপ্তর থেকে ধাপে ধাপে অনুমতি নেওয়ার জটিলতাও বড় বাধা হিসাবে কাজ করছে বলে জানানো হয়। এসব সীমাবদ্ধতার কথা শুনে প্রধানমন্ত্রী প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ ও সময়োপযোগী করার কড়া নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, যেসব মন্ত্রণালয় বা দপ্তরের অনুমোদন অপরিহার্য নয়, অযথাই সময়ক্ষেপণ রোধে সেগুলো অনুমোদন প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে। এছাড়া বন্ধ থাকা সরকারি কলকারখানাগুলোতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করার ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রীদের তিনি নির্দেশ দেন।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদ হাসান এবং বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান কবির উদ্দিন সিকদারসহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা।
