Logo
Logo
×
   

Advertisement

দ্বিতীয় সংস্করণ

ডেপুটি স্পিকারের সতর্কবার্তা

কলমাকান্দায় ফ্যামিলি কার্ডের তালিকা যাচাই শুরু

Advertisement

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কলমাকান্দায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ায় অসঙ্গতির অভিযোগ ওঠার পর মাঠপর্যায়ে ব্যাপক তৎপরতা শুরু করেছে সমাজসেবা বিভাগ। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য কায়সার কামাল এ বিষয়ে প্রকাশ্যে ক্ষোভ ও সতর্কবার্তা দেওয়ার পর ঢাকার সমাজসেবা অধিদপ্তর থেকে আসা ২২ সদস্যের একটি দল উপকারভোগীদের তালিকা যাচাই-বাছাই শুরু করেছে। সোমবার থেকে দলটি ৭৯৪ জনের প্রণীত তালিকা যাচাই করছে। যাচাই শেষে প্রকৃত উপকারভোগীদের তালিকা চূড়ান্ত করা হবে। অনিয়মের প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে শনিবার বিকালে কলমাকান্দা জেলা পরিষদ অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার উপকারভোগী নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, তার নির্বাচনি এলাকায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচন যথাযথভাবে হয়নি। অনেক সচ্ছল পরিবার কার্ড পেলেও প্রকৃত দরিদ্রদের অনেকে বাদ পড়েছেন।

ডেপুটি স্পিকার বলেন, গত কয়েকদিন এলাকায় অবস্থান করে তিনি বঞ্চিত মানুষের কাছ থেকে অভিযোগ শুনেছেন। ‘কার্ড না পাওয়া এসব বঞ্চিত মানুষের ব্যথা আমি বুঝি’, বলেন তিনি। তিনি আরও বলেন, ‘আমি লক্ষ্য করেছি যাদের জন্য বেশি প্রয়োজন, তাদের অনেকে এই কার্ড পাননি। সেজন্য আমি তাদের কাছে হাতজোড় করে দুঃখ প্রকাশ করছি। বিষয়টি আমি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখব।’ ডিপুটি স্পিকারের বক্তব্যের পরপরই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম সোমবার রাতে বলেন, তাকে ছাড়া কলমাকান্দা সমাজসেবা কার্যালয়ের সব স্টাফকে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়েছে। একই সঙ্গে ঢাকার অধিদপ্তর থেকে আসা দল তালিকা যাচাইয়ের কাজ শুরু করেছেন।

কলমাকান্দার ইউএনও এসএম মিকাইল ইসলাম বলেন, সমাজসেবা অধিদপ্তরের একজন অতিরিক্ত পরিচালকের নেতৃত্বে ২২ সদস্যের একটি দল তিন দিনের জন্য কলমাকান্দায় অবস্থান করছে এবং তালিকা যাচাই কার্যক্রম পরিচালনা করছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম