Logo
Logo
×
   

Advertisement

দ্বিতীয় সংস্করণ

সাভার মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা কলেজ

এমপির প্রভাবে স্ত্রী কলেজের সভাপতি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদক, সাভার

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

একটি বেসরকারি কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদ বাগিয়ে নিতে ঢাকা-১৯ আসনের সংসদ-সদস্য (এমপি) দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি এবং প্রশাসনিক হস্তক্ষেপ করেছেন বলে অভিযোগ উঠেছে। নিজের প্রভাব ও পদমর্যাদা ব্যবহার করে বিদ্যমান সভাপতিকে সরিয়ে সভাপতির ওই পদে তার স্ত্রী সাবিনা সিদ্দিকাকে আসীন করা হয়। সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি পদ বাগিয়ে নিতে এসব ঘটনা ঘটেছে। সম্প্রতি এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ঘিরে শিক্ষাঙ্গনে ও স্থানীয় মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ভিডিও বিশ্লেষণ করে দেখা যায়, সভাপতি পরিবর্তনের পুরো প্রক্রিয়ায় প্রচলিত বিধি ও প্রশাসনিক রীতি যথাযথভাবে অনুসরণ করা হয়নি। আগের সভাপতি ব্যারিস্টার শিহাব উদ্দিন খানের মেয়াদ ২০২৭ সালের ২৪ এপ্রিল পর্যন্ত থাকলেও, কোনো পূর্ব ঘোষণা বা কারণ ছাড়াই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরিচালনা পর্ষদের সভা আহ্বান থেকে শুরু করে নতুন সভাপতি নির্বাচনের সিদ্ধান্ত পর্যন্ত প্রতিটি ধাপেই রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ উঠে এসেছে। ভিডিওতে আরও বলা হয়, সভাপতিকে অপসারণের পক্ষে কোনো সুস্পষ্ট প্রশাসনিক বা আইনগত কারণ উপস্থাপন করা হয়নি।

পরিচয় প্রকাশ না করা শর্তে কলেজের একাধিক শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্য অভিযোগ করে বলেন, প্রতিষ্ঠানের স্বার্থের চেয়ে ব্যক্তিগত ও পারিবারিক স্বার্থকে প্রাধান্য দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের দাবি, এতে শুধু পরিচালনা পর্ষদের স্বাধীনতাই ক্ষুণ্ন হয়নি, বরং শিক্ষাপ্রতিষ্ঠানের সুশাসন ও জবাবদিহিতার ভিত্তিও প্রশ্নবিদ্ধ হয়েছে। অভিযোগের বিষয়ে ঢাকা-১৯ আসনের সংসদ-সদস্য (এমপি) ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু টেলিফোনে না ধরায় তার বরাত দিয়ে ব্যক্তিগত সচিব (পিএস) শরিফুল আলম কথা বলেন। তিনি কলেজে বিগত প্রায় আট মাস ধরে কোনো মিটিং বা স্বাভাবিক কার্যক্রম হচ্ছিল না। প্রতিষ্ঠানের এই স্থবিরতা কাটাতে এবং সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতেই মূলত কলেজ কর্তৃপক্ষের আগ্রহে সংসদ-সদস্যের স্ত্রীর নাম প্রস্তাব করা হয়। এ বিষয়ে সাবিনা সিদ্দিকা বলেন, ‘স্বজনপ্রীতির যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এমপি সাহেবের কোনো প্রভাব ছাড়াই কলেজের গভর্নিংবডির নিয়মতান্ত্রিক সিদ্ধান্ত ও সর্বসম্মতিক্রমে আমাকে সভাপতি মনোনীত করা হয়েছে। প্রতিষ্ঠানের শিক্ষা পরিবেশ, উন্নয়ন ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য, এখানে কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ নেই।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম