সংসদীয় কমিটিতে তথ্য
বীরাঙ্গনা তালিকাভুক্তির জন্য ২২২ আবেদন অপেক্ষমাণ
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) গঠনের পর থেকে এ পর্যন্ত ১৮ হাজার ৪১৭ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করার সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ৭৬৮ শহীদ, ১৯৮ জন যুদ্ধাহত, ৫২৯ জন বীরাঙ্গনা এবং ১৬ হাজার ৯২২ জন সাধারণ মুক্তিযোদ্ধা। এছাড়া বীরাঙ্গনা হিসাবে অন্তর্ভুক্তির জন্য ২২২টি আবেদন অপেক্ষমাণ আছে। জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত উপকমিটি কর্তৃক যাচাই বাছাইয়ের মাধ্যমে সুপারিশপ্রাপ্ত ১০৪ জন মুক্তিযোদ্ধা গেজেটভুক্তির জন্য অপেক্ষমাণ আছে। ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ২০২টি আবেদন শুনানীর জন্য অপেক্ষমাণ আছে। ২০১০ সাল থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৪৬৫ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল করার সুপারিশ করেছে জামুকা। প্রসঙ্গত, ২০১০ সালে জামুকা প্রতিষ্ঠিত হয়।
জাতীয় সংসদে মঙ্গলবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব তথ্য জানানো হয়। এ বৈঠকে কমিটির সদস্য জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ-সদস্য গাজী নজরুল ইসলামকে আমন্ত্রণ জানানো হয়নি। জামায়াতে ইসলামীর অনুরোধে তাকে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে।
কমিটির সভাপতি মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্যদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, ফজলুর রহমান, আবদুল হান্নান, আমীর এজাজ খান এবং রোকেয়া বেগম।
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক : মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের অধীন সব সংস্থার প্রধানদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় করা হয়। এ সময় মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাগুলোর কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।
সূত্র জানায়, বৈঠকে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় ডিলার নিয়োগে কোনো নীতিমালা ছিল না। আর তারা যথাযথভাবে দায়িত্বও পালন করেনি। বর্তমানে নীতিমালা তৈরির কাজ চলছে। বিগত সরকার আমলের ডিলারদের মেয়াদ শেষ হলে নতুন করে আর তাদের ডিলারশিপ দেওয়া হবে না।
কমিটির সভাপতি খালেদ হোসেন মাহবুবের সভাপতিত্বে বৈঠকে সদস্যদের মধ্যে অংশ নেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বরকত উল্লাহ বুলু, আবুল হোসেন খান, মো. আবুল কালাম, হেলেন জেরিন খান, সৈয়দ জয়নুল আবেদীন, গাজী এনামুল হক এবং আব্দুল মুনতাকিম।
