Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

নামকাওয়াস্তে চলছে ৭৯২ প্রকল্পের কাজ

কোনো খরচ হয়নি ৮১ প্রকল্পে * এক শতাংশেরও কম খরচ হয়েছে ৭১১ প্রকল্পে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সেই পুরোনো ‘অলস ধারা’ থেকে বের হতে পারেনি দেশের ৫৭টি মন্ত্রণালয় ও বিভাগ। এসব মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে ৪৪টি বরাদ্দের এক শতাংশ অর্থও ব্যয় করতে পারেনি। ফলে তাদের আওতায় চলমান ৭৯২টি প্রকল্পের কাজ হয়েছে নামকাওয়াস্তে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে এ চিত্র পাওয়া যায়। পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এ প্রতিবেদন তৈরি করে।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, মাত্র ১৩টি মন্ত্রণালয় ও বিভাগ এক শতাংশের ঘর অতিক্রম করতে পেরেছে। আর ৯টি বিভাগ জুলাইয়ের পুরো মাসে কোনো কাজই করতে পারেনি। এছাড়া জুলাইয়ে উন্নয়ন কর্মকাণ্ডের জাতীয় অগ্রগতিও আশানুরূপ নয়। অর্থবছরের শুরুর মাসে সব মন্ত্রণালয় ও বিভাগ মিলে খরচ করেছে ২ হাজার ১২১ কোটি ১৮ লাখ টাকা। চলতি অর্থবছরে এডিপিতে বরাদ্দ রয়েছে ৩ লাখ ৮ হাজার ৯২৪ কোটি টাকা। সে হিসাবে বাস্তবায়ন হার মাত্র শূন্য দশমিক ৬৯ শতাংশ।

পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান কবির আহমেদ বলেন, এডিপি বাস্তবায়ন জোরদারে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নে জটিলতা দূর করতে অর্থবছরের শুরুতেই বাস্তবায়নকারী সংস্থা ও প্রকল্প পরিচালকদের সঙ্গে বৈঠক করা হয়েছে। যেসব কারণে প্রকল্প বাস্তবায়ন ব্যাহত হচ্ছে, তা দ্রুত সমাধান করা হচ্ছে, যাতে কোনো কারণে বাস্তবায়ন থেমে না থাকে।

পরিকল্পনা কমিশন ও আইএমইডির কর্মকর্তারা জানান, অর্থবছরের শুরুর দিকে মন্ত্রণালয় ও বিভাগগুলো সাধারণত প্রস্তুতিমূলক কাজ ও কর্মপরিকল্পনা সাজায়। এ কারণে শুরুর দিকে অর্থব্যয় কম থাকে। তবে পরবর্তী সময়ে ব্যয় ধীরে ধীরে বাড়বে। পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, চলতি অর্থবছরের এডিপি বাস্তবায়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। ইতোমধ্যে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে এডিপির অর্থব্যয় বাড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আইএমইডির তথ্য অনুযায়ী, অর্থবছরের প্রথম মাসে কোনো অর্থব্যয় করেনি ৯টি বিভাগ। এগুলোর আওতায় ৮১টি প্রকল্প চলমান রয়েছে। এ তালিকায় রয়েছে বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকারপ্রাপ্ত স্বাস্থ্য খাতের দুটি বিভাগ। এগুলো হলো-স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।

কোনো কাজ করতে পারেনি সেতু বিভাগ, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। আইএমইডির তথ্য অনুযায়ী, জুলাইয়ে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে স্থানীয় সরকার বিভাগ। এ বিভাগের অধীনে ২০১টি প্রকল্পে চলতি অর্থবছরে বরাদ্দ রয়েছে ৩৩ হাজার ৩৭৪ কোটি ৩১ লাখ টাকা। এর বিপরীতে জুলাইয়ে ব্যয় হয়েছে ৯৫১ কোটি ৬৫ লাখ টাকা। এ হিসাবে বিভাগের নিজস্ব বরাদ্দের ২ দশমিক ৮৫ শতাংশ বাস্তবায়ন হয়েছে। পুরো এডিপিতে জুলাইয়ে যে ২ হাজার ১২১ কোটি ১৮ লাখ টাকা ব্যয় হয়েছে, তার প্রায় ৪৪ দশমিক ৮৭ শতাংশই স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে খরচ হয়েছে।

বড় বরাদ্দ থাকা অন্য মন্ত্রণালয় ও বিভাগের বাস্তবায়ন চিত্র অবশ্য অনেকটাই হতাশাজনক। সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগে চলতি অর্থবছরে বরাদ্দ রয়েছে ২৯ হাজার ৮৪১ কোটি ৭ লাখ টাকা। জুলাইয়ে এ বিভাগ ব্যয় করেছে মাত্র ৬৮ কোটি ৬৮ লাখ টাকা। অর্থাৎ বরাদ্দের শূন্য দশমিক ২৩ শতাংশ বাস্তবায়ন হয়েছে। বিদ্যুৎ বিভাগে ১৮ হাজার ১০৬ কোটি ৯৯ লাখ টাকা বরাদ্দের বিপরীতে জুলাইয়ে ব্যয় হয়েছে ২০১ কোটি ৯৭ লাখ টাকা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ১৭ হাজার ৭৪ কোটি টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে ২৬৫ কোটি ৫৭ লাখ টাকা। নৌপরিবহণ মন্ত্রণালয়ে ৯ হাজার ৫২০ কোটি ৯৩ লাখ টাকা বরাদ্দ থাকলেও জুলাইয়ে ব্যয় হয়েছে মাত্র ৪ কোটি ৮ লাখ টাকা। রেলপথ মন্ত্রণালয়ের ৫ হাজার ৩৪৩ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে ৬ কোটি ৭৭ লাখ টাকা। জুলাইয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তাদের বরাদ্দের ৫ দশমিক ১৪ শতাংশ এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ ২ দশমিক ৫২ শতাংশ ব্যয় করেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশে ঢুকে বিএসএফের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বাংলাদেশে ঢুকে বিএসএফের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর

এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড সৌদির কাছে কিছু প্রশ্নের জবাব চেয়েছে ঢাকা

সৌদির কাছে কিছু প্রশ্নের জবাব চেয়েছে ঢাকা

সৃজনশীল শিল্প হবে অর্থনীতির নতুন চালিকাশক্তি: অর্থমন্ত্রী

সৃজনশীল শিল্প হবে অর্থনীতির নতুন চালিকাশক্তি: অর্থমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম