সংসদে সালাহউদ্দিন আহমদ
পাক্কা হিস্যা চাইবেন, কিন্তু সহযোগিতা করবেন না
স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে থাকলে আর কোনো মন্ত্রী না থাকলেও চলে-বিরোধীদলীয় নেতা
Advertisement
সংসদ প্রতিবেদক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় সংসদে বিল উত্থাপন ও সংসদীয় কমিটিতে সভাপতি পদের দাবি কেন্দ্র করে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে বাহাস হয়েছে। এ নিয়ে দুপক্ষই কয়েক দফা পালটাপালটি যুক্তি তুলে ধরে। কমিটি গঠনের আগে বিরোধী দলকে সংসদীয় কমিটির সভাপতি পদ দেওয়ার দাবি জানান বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার কমিটিতে অংশ নিয়ে আমাদের সহযোগিতা করুন। সংস্কার হলে হিস্যা অনুযায়ী কমিটি পুনর্গঠন করে আপনাদের সভাপতি পদ দেওয়া হবে। বৃহস্পতিবার রাতে বিল উত্থাপনের সময় দুপক্ষের মধ্যে এই বাহাস চলে। এর আগে বিল উত্থাপনের বিরোধিতা করেন ডা. শফিকুর রহমান। উত্থাপনের পক্ষে যুক্তি তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ। বিরোধী নেতা বলেন, এই সংসদে আমরা ৩৪৯ জন সদস্য এখন আছি, একটি আসন খালি আছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে যখন থাকেন, ভালো-মন্দ যাই হোক-সংসদ খুব প্রাণবন্ত থাকে। উনি থাকলে বাকি মন্ত্রিপরিষদ সদস্য যারা আছেন, তারা না থাকলেও কোনো সমস্যা নেই। বিরোধীদলীয় নেতা আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কালকে (বুধবার) বলেছেন, অতীতে বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে বিরোধী দল থেকে স্থায়ী কমিটিতে সভাপতি দেওয়ার কোনো নজির নেই। এটি তিনি ঠিকই বলেছেন। একটি ছাড়া, তা হলো নবম জাতীয় সংসদ। যেখানে বিরোধী দলে আমরা মাত্র দুজন ছিলাম, আর আপনারা (বিএনপি) ২৪ জন ছিলেন। মোট ২৬ জন ছিলাম। সেখানে কিন্তু বিরোধী দল থেকে দুজন স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। সুতরাং নজির আছে। তবে আমি এ জন্য তাকে দোষী করব না, কারণ ওই সংসদে উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) ছিলেন না। তিনি আরও বলেন, উনি এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। জুলাই সনদ বাস্তবায়ন বিভিন্নভাবে হতে পারে। একতরফা করলেও আমরা রাগ করব না। আমরা এর বাস্তবায়নটা চাচ্ছি।
জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় সরকারি হিসাব-সম্পর্কিত কমিটির সভাপতি বিরোধী দলের পক্ষ থেকে করা হতো, সেই ট্রাডিশনটা আমরা ফলো করে বিরোধীদলীয় উপনেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে ওই কমিটির সভাপতিত্ব ইতোমধ্যে দিয়েছি। এখন তিনি দাবি করছেন, জুলাই জাতীয় সনদ আমরা যাতে অক্ষরে অক্ষরে পালন করি। এটি তো আমাদের প্রতিশ্রুতি, অঙ্গীকার। কিন্তু আমরা বলেছি, আপনারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য এগিয়ে আসুন। জুলাই সনদ বাস্তবায়িত হবে। সংবিধান সংশোধিত হবে একইভাবে জুলাই সনদ অনুসারে সংসদীয় কমিটিতে সংখ্যানুপাতে আপনারা সভাপতিত্ব পাবেন।
বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, আপনারা জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনী কমিটিতে অংশগ্রহণ করুন। যা বক্তব্য আছে সেখানে দিন। আমরা এই ওয়াদা জাতীয় সংসদের ফ্লোরে দাঁড়িয়ে দিতে পারি, যথাশিগ্গির সম্ভব সংবিধান সংশোধনী বিল নিয়ে আসি, যাতে করে তাড়াতাড়ি কার্যকর করা যায় এবং সংসদের উচ্চকক্ষ স্থাপন করা যায়। কিন্তু আপনারা এখানে জুলাই জাতীয় সনদ অনুসারে একেবারে পাক্কা হিস্যা এখন থেকে চাইবেন; কিন্তু সহযোগিতায় আসবেন না-দুইটা তো একসাথে যায় না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা তাই আহ্বান করছি, আসুন আমরা একসাথে বসে সংবিধান সংশোধন করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করি। আপনারা সবকিছু পাবেন। আপনারা সংস্কারের কথা বলছেন। আমরা সংশোধনীর কথা বলি, কথা তো একই। কিন্তু এটি করতে হবে তো জাতীয় সংসদে, এটিই ছিল আমাদের আহ্বান। আপনারা বাইরের রাজনীতিতে যাই বক্তৃৃতা-বিবৃতি দিন না কেন, এখানে তো আমাদেরকে সবাই একসাথে বসে তর্কের মধ্য দিয়ে, আলোচনার মাধ্যমে কাজটি এগিয়ে নিতে হবে। এটিই হচ্ছে বাস্তবতা। দয়া করে এই বাস্তবতা অনুধাবন করলে ভালো।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি : এদিকে মো. আখতারুজ্জামান মিয়াকে সভাপতি করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের প্রস্তাব করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে তা কণ্ঠভোটে পাশ হয়।
