১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালু
নাম পরিবর্তন হচ্ছে না শাহজালাল বিমানবন্দরের
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। অনাবশ্যক বিতর্ক কিংবা জনগণের অর্থ অপচয় রোধ করার ওপর জোর দিয়ে তিনি বলেন, নাম পরিবর্তনের মতো আনুষ্ঠানিকতার চেয়ে থার্ড টার্মিনাল দ্রুত চালু করে যাত্রীসেবা নিশ্চিত করাই নতুন সরকারের মূল অগ্রাধিকার। মঙ্গলবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিমানমন্ত্রী। পরিদর্শনকালে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে টার্মিনালটি আংশিকভাবে (সফট ওপেনিং) চালু করার ঘোষণা দেন তিনি।
মন্ত্রী বলেন, ১৬ ডিসেম্বর তারিখকে সম্ভাব্য সময় বিবেচনায় নিয়ে থার্ড টার্মিনালের কার্যক্রম চলমান রয়েছে। প্রাথমিক পর্যায়ে দুই-একটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে এর কার্যক্রম শুরু হবে এবং পরবর্তী সময়ে ধাপে ধাপে তা পূর্ণাঙ্গ রূপ পাবে। পুরোপুরি চালু হতে আরও কিছুটা সময়ের প্রয়োজন হবে।
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিমানমন্ত্রী বলেন, আগের সরকারের আমলে ২০২৩ সালের অক্টোবরে এই টার্মিনাল ভবন লোকদেখানো উদ্বোধন করা হলেও এটি চালুর প্রয়োজনীয় ও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। টার্মিনালে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করা হয়নি এবং কার্যক্রম পরিচালনার সুনির্দিষ্ট কোনো পরিকল্পনাও ছিল না। আমরা এসে সেই অচলাবস্থা দূর করার উদ্যোগ নিয়েছি। তিনি আরও বলেন, পূর্বে নির্ধারিত শর্ত অনুযায়ী টার্মিনালের মোট রাজস্বের ১৫ শতাংশ বাংলাদেশ এবং বাকি ৮৫ শতাংশ জাপানি কোম্পানির পাওয়ার কথা ছিল।
