অনেক বেশি দামে তেল কিনতে হচ্ছে সরকারকে
৯ লাখ টন তেল কেনার প্রস্তাব ক্রয় কমিটিতে
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রায় চার হাজার কোটি টাকা মূল্যের ৮ লাখ ৯০ হাজার টন জ্বালানি কিনছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসি। আজ বুধবার দুপুরে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এই তেল কেনার প্রস্তাব উঠছে। এতে এই তেল পরিবহণের (প্রিমিয়াম) খরচের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সংশ্লিষ্টরা জানিয়েছে, অক্টোবর-ডিসেম্বর সময়ের জন্য তেলের প্রিমিয়াম ব্যয় সরকার টু সরকারের (জিটুজি) প্রস্তাবের চেয়ে ৫০ শতাংশ পর্যন্ত বেশি চাওয়া হয়েছে। মূলত এ পদ্ধতিতে অনেক বেশি দামে তেল কিনতে হচ্ছে। গত সোমবার ওই ৮ লাখ ৯০ হাজার টন তেল কেনার আন্তর্জাতিক টেন্ডার খোলা হয়েছে। ওইদিনই বিপিসি ওই তেল কেনার প্রস্তাব অনুমোদন করে। মঙ্গলবার সেই প্রস্তাব জ্বালানি বিভাগে পাঠানো হয়েছে।
তেল পরিবহণের প্রিমিয়াম হচ্ছে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারমূল্যের অতিরিক্ত হিসাবে জাহাজ ভাড়া, বিমা, মার্জিন, পোর্ট অপারেশন ও সরবরাহকারীর কমিশন বাবদ নির্দিষ্ট পরিমাণ অর্থ। এর আগে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে তিন মাসের জন্য ৮ লাখ ৯০ হাজার টন জ্বালানি তেল কেনার টেন্ডার আহ্বান করে বিপিসি। এরমধ্যে ডিজেল ৬ লাখ, জেট ফুয়েল ৯০ হাজার, ফানের্স অয়েল ১ লাখ এবং অকটেন ১ লাখ টন। বিপিসি পরিশোধিত জ্বালানি তেল কেনার আন্তর্জাতিকভাবে স্বীকৃত মূল্য নির্ধারণ পদ্ধতি সিঙ্গাপুর প্ল্যার্টস মূল্য ফর্মুলাতে তেল কেনে বিভিন্ন সরবরাহকারীর কাছ থেকে। কিন্তু এর বাইরে প্রিমিয়াম নির্ধারণের জন্য ওই টেন্ডার আহ্বান করা হয়।
জানা গেছে, এবার ৬টি প্যাকেজে ৮ লাখ ৯০ হাজার টন জ্বালানি তেল কেনা হচ্ছে। এর মধ্যে ডিজেলের জন্যপ্রতি ব্যারেল প্রিমিয়াম ১৬ ডলার ০৮ সেন্ট থেকে শুরু করে ১৬ ডলার ৬৮ সেন্ট পর্যন্ত প্রিমিয়ামে তেল সরবরাহের প্রস্তাব করেছে সর্বনিম্ন দরদাতারা। সেই প্যাকেজে জেট ফুয়েল ১৭ দশমিক ০৩ ডলার থেকে ১৭ দশমিক ৮৮ ডলার প্রিমিয়ামের প্রস্তাব করা হয়েছে। ফার্নেস অয়েল প্রতি টনে ৫৪ দশমিক ৪৩ ডলার প্রস্তাবকারী সর্বনিম্ন দরদাতা হয়েছে। এদিকে, অক্টোবরের জন্য সরকার স্পট মার্কেটে ৬ কার্গো এলএনজি কেনার আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করেছে। আজ সকালে এই টেন্ডারে অংশগ্রহণের শেষ সময়। সেই টেন্ডারগুলোর প্রস্তাব দেখে দুপুরে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি-আরপিজিসিএল ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কাছে প্রস্তাব পাঠাবে।
