গুলশানে আ.লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেফতার ২
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর গুলশানে শুক্রবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। মিছিল থেকে দুজনকে গ্রেফতারও করেছে পুলিশ। তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন আব্দুর রহিম ও আরাফাত।
জানা গেছে, দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের একটি গলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০ থেকে ২০০ নেতা কর্মী জড়ো হন। তারা মিছিল শুরু করলে পুলিশ ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীদের পক্ষ থেকে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুটি রাবার বুলেট ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেন। ওসি দাউদ হোসেন আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরা থেকে মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের আরও চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন জুনায়েদ মৃধা, রাকিবুল হাসান, সাজ্জাদ হোসেন ও আব্দুল্লাহ। উত্তরা পশ্চিম থানার বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর ফ্লাইওভারের নিচে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। পরে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল সেখানে গিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে মিছিলের ব্যানার জব্দ করা হয়।
