ষষ্ঠ থেকে দশম শ্রেণি
পাঠ্যবইয়ে থাকছে এআই-রোবোটিক্স মেশিন লার্নিং
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যবইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। একই সঙ্গে ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। শনিবার বিকালে রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর প্ল্যানারি সেশনে তিনি এসব কথা জানান।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় ‘স্টেম ফর এ ফিচার-রেডি বাংলাদেশ : বিল্ডিং দ্য ব্যাকবোন অব দ্য ইনোভেটিভ ইকোনমি’ শীর্ষক সেমিনারে আরও বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, ইউনেস্কো ঢাকা অফিসের শিক্ষা প্রধান এস কিয়াং কো, টেলিযোগাযোগ খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা তানভীর মোহাম্মদ এবং আইইউবির উপাচার্য অধ্যাপক ড. ম. তামিম প্রমুখ।
মাহ্দী আমিন বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক কাঠামোর সঙ্গে তাল মেলাতে দেশের স্টেম (সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স) শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শুধু মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক নয়, উচ্চশিক্ষা পর্যায়েও স্টেম শিক্ষায় সমান গুরুত্ব দিতে হবে।
শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের কথা জানিয়ে উপদেষ্টা বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণিতে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা হচ্ছে। পর্যায়ক্রমে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত এটি বাধ্যতামূলক করা হবে।
তিনি জানান, প্রাথমিক স্তরেও পরিবর্তন আনা হচ্ছে। চতুর্থ শ্রেণিতে ‘স্পোর্টস’ ও ‘কালচার’ নামে দুটি নতুন বিষয় যুক্ত হচ্ছে। ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’সহ নতুন বিষয় যুক্ত হচ্ছে। আনন্দময় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ইন্টারপার্সোনাল ও ট্রান্সফারেবল স্কিল গড়ে তোলায় গুরুত্ব দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্মত গবেষণার ওপর গুরুত্ব দিয়ে মাহ্দী আমিন বলেন, গবেষণা থেকেই উদ্ভাবন তৈরি হবে। উদ্ভাবন সফল হলে নতুন স্টার্টআপ, ব্যবসা সম্প্রসারণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় আড়াই হাজার অধিভুক্ত প্রতিষ্ঠানে টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষাকে কারিকুলামের সঙ্গে যুক্ত করার বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।
